৫ লক্ষ টাকা পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে দুর্গাপুরে। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম সুধা ধীবর শেঠ। বাঁকুড়ার পখন্না এলাকার সুধার বিয়ে হয়েছিল দুর্গাপুরের সেকেন্ডারি রোড এলাকার বাসিন্দা নিশান শেঠের সঙ্গে। সূত্রের খবর, বিয়ের সময় সামর্থ্য অনুযায়ী, গয়না ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হয় সুধার বাপের বাড়ির তরফে। অভিযোগ, পরে বধূর শ্বশুরবাড়ির সদস্যরা আরও ৫ লক্ষ টাকা দাবি করে। মৃতার পরিবারের দাবি, সেই টাকা দিতে না পারায় সুধাকে প্রায়ই মারধর করা হতো। পরবর্তীতে দম্পতির একটি সন্তান হয়। তাতেও সমস্যা মেটেনি। একাধিকবার পরিবারের সদস্যরা আলোচনা করলেও অশান্তি লেগেই ছিল।
এরই মাঝে বধূর বাপের বাড়ির সদস্যরা সুধার মৃত্যুর খবর পান। তাঁর দাদা গোপীনাথ ধীবর অভিযোগ করেন, "পণের জন্যই আমার বোনকে খুন করা হয়েছে। ঘটনার পর স্বামী শিশুকে নিয়ে পালিয়ে গিয়েছে। আমরা তদন্তের এবং শাস্তির দাবি করছি।" পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
