৮৫-ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিক, কর্মী ও সিআরপিএফ জওয়ানরা। কিন্তু ভোট নেওয়ার পর বয়স্ক ভোটারদের ব্যালট নাকি ঠিকমতো সংরক্ষণ করা হচ্ছে না! অভিযোগ, ভোটারদের ব্যালট একটি খামে ভরে বাক্সে ফেলে দেওয়া হচ্ছে। তারপর সেই বাক্স যথাযথভাবে সিল না করে কেবলমাত্র একটি দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে কিংবা তাতে তালা মেরে দেওয়া হচ্ছে। এমনকী কখনও কখনও ভোটারদের ব্যালট একটি খামে ভরে সেই খাম একটি ঝোলা ব্যাগে করেও নিয়ে চলে যাওয়া হচ্ছে। ভোটারদের ব্যালট এভাবে সংরক্ষণের অব্যবস্থা নিয়ে এবার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানালেন বালির সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্র।
রবিবার বালিতে সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএম প্রার্থী বলেন, "এভাবে নির্বাচন কমিশনের আধিকারিকরা ঝোলা ব্যাগে করে বয়স্ক লোকেদের ব্যালট নিয়ে গেলে ওই ব্যাগ তো রাস্তায় ছিনতাই হয়ে যেতে পারে। ব্যালট ছিনতাই হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে? ব্যালট তো সবসময় বাক্সের মধ্যে সিল করা অবস্থায় থাকা উচিত। ব্যাগে করে তো নিয়ে যাওয়া হচ্ছেই, অনেকসময় দেখা যাচ্ছে, বাক্সে করে নিয়ে গেলেও সেই বাক্স সিল করা থাকছে না। বাক্সে তালা দেওয়া থাকছে সেটাও সুরক্ষিত নয়। সেক্ষেত্রেও ভোটারদের ব্যালট পড়ে যেতে পারে। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ জানিয়েছি। আশা করি নির্বাচন কমিশন আমাদের এই অভিযোগ খতিয়ে দেখবে।"
এই প্রসঙ্গে হাওড়ার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পি দীপাপ প্রিয়া বলেন, "আমাদের সব জায়গাতেই বাক্স সিল করা ছিল। এরকম অরক্ষিত কিছু হয়নি। তবে ওঁরা যদি নির্দিষ্ট কোনও অভিযোগ আমাকে
জানান, তাহলে আমরা খতিয়ে দেখব।"
