shono
Advertisement

Breaking News

Baruipur

জমি বিবাদে ভাইয়ের উপর অ্যাসিড হামলা, অস্ত্রের কোপ! আটক দাদা, বউদি-সহ ৬

গুরুতর আহত যুবককে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের আটক করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 11:02 AM Mar 22, 2026Updated: 11:45 AM Mar 22, 2026

জমি বিবাদের জের! ভাইয়ের উপর অ্যাসিড হামলা। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ দাদা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভাই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে ভয়ানক কাণ্ডটি ঘটেছে বারুইপুরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আটক করা হয়েছে অভিযুক্তদের।

Advertisement

আহত যুবকের নাম টোটন খান। তিনি বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তাঁর দাদা মমতাজ খানের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল। যা নিয়ে আগেও তাঁদের ঝামেলা হয়েছিল। দিন কয়েক আগে টোটন ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল। কিন্তু প্রমাণের অভাবে বিষয়টি বেশি দূর এগোয়নি। শনিবার তা মারাত্মক আকার নেয়। অভিযোগ, ইদের দিনের সকালে ভাই টোটন ও তাঁর পরিবারের উপর অত্যাচার চালায় মমতাজ খানের পরিবার। অভিযোগ, রাতে মমতাজ খানের স্ত্রী বেবী খান, জামাই ভিকি ঘোষ, পাশের বাড়ির বাসিন্দা ইয়ারলি খান-সহ ছয় জন টোটন খানের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। অ্যাসিড হামলা করা হয় বলেও অভিযোগ। বাড়ির কাছে টোটনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে টোটনকে রাতেই কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে ঘটনার পরই গ্রামেই আত্মগোপনের চেষ্টা করেন অভিযুক্তরা। তাঁদের আটকে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অভিযুক্তদের থানায় নিয়ে আসতে গেলে গ্রামবাসীদেরই একাংশ বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাটিচার্জ করে পুলিশ। অভিযুক্তদের রাতে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছে টোটনের পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement