shono
Advertisement
SIR

অতিরিক্ত ভোটার তালিকায় বুথের বিচারাধীন সকলের নাম থাকবে? 'উদ্বেগে' হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বিএলও

এই মৃত্যুর জন্য কমিশনকে দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Published By: Tiyasha SarkarPosted: 02:27 PM Mar 22, 2026Updated: 03:55 PM Mar 22, 2026

অতিরিক্ত ভোটার তালিকায় এলাকার বিচারাধীন সকলের নাম থাকবে তো? এই নিয়ে উদ্বেগের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলওর। এবার ফের ঘটনাস্থল মালদহের চাঁচোল।  এই মৃত্যুর জন্য কমিশনকে দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম উৎপল থোকদার। বয়স ৫৪ বছর। পেশায় ছিলেন এক হাই স্কুলের প্যারাটিচার। মালদহের চাঁচোল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়া ৯৩ নম্বর বুথে বিএলও'র দায়িত্বে ছিলেন। জানা যাচ্ছে, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর এলাকার ১১০ জনের নাম ছিল বিচারাধীন। আগামিকাল অর্থাৎ সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। সেই তালিকায় সকলের নাম থাকবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন উৎপল। এরই মাঝে রবিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। সেখানেই মৃত্যু হয় বিএলওর। হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উৎপলের। পরিবারের দাবি, এর নেপথ্যে প্রবল মানসিক চাপ।

উল্লেখ্য, এসআইআর পর্বে বাংলায় মৃত্যু হয়েছে বহু ভোটার ও বিএলওর। ভোটাররা কেউ আতঙ্কে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। কারও আবার চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এদিকে পাহাড়প্রমাণ কাজের চাপের কাছে হার মেনে কোনও কোনও বিএলও নিজের জীবন শেষ করে দেওয়ার পথে হেঁটেছেন। সুইসাইড নোটে তাঁরা সেই কারণও লিখেছেন। শুধু তাই নয়, একাধিক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অতিরিক্ত তালিকা প্রকাশের আগে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। মৃত্যু হল আরও এক বিএলওর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement