ছাব্বিশের ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরুতেই ভিলেন হয়ে দাঁড়াল আবহাওয়া! আগামী ২৪ মার্চ, মঙ্গলবার আলিপুরদুয়ার থেকে প্রচার শুরুর কথা ছিল নেত্রীর। ওইদিন আলিপুরদুয়ার ছাড়াও ময়নাগুড়ি, মাটিগাড়াতেও জনসভার সূচি ছিল। কিন্তু জেলা প্রশাসন সূত্রে খবর, আবহাওয়ার কারণে ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পিছিয়ে যাচ্ছে। একথা জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। সম্ভবত পরদিন, ২৫ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন দলনেত্রী। তবে এ বিষয়ে এখনও কোনও খবর নিশ্চিত করা হয়নি।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, ২৪ মার্চ প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা ছিল। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি ভোটের প্রচার শুরু করতেন। কিন্তু আবহাওয়ার কারণে ওইদিনের জনসভা স্থগিত করা হয়েছে। জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ সাউয়ের কথায়, ''আবহাওয়ার কারণে মঙ্গলবার তৃণমূল নেত্রীর জনসভা বাতিল হয়েছে। নতুন দিনক্ষণ এখনও ঠিক হয়নি।''
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, ২৪ মার্চ প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা ছিল। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি ভোটের প্রচার শুরু করতেন। কিন্তু আবহাওয়ার কারণে ওইদিনের জনসভা স্থগিত করা হয়েছে। জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ সাউয়ের কথায়, ''আবহাওয়ার কারণে মঙ্গলবার তৃণমূল নেত্রীর জনসভা বাতিল হয়েছে। নতুন দিনক্ষণ এখনও ঠিক হয়নি।'' তবে সূত্রের খবর, ২৪ মার্চের বদলে ২৫ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকেই ভোটপ্রচার শুরু করতে পারেন।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না। আগামী বুধবার পর্যন্ত সেখানে ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারও হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে। এত বৃষ্টির কারণেই মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন বিধানসভা কেন্দ্রে প্রচার পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
