পঞ্চায়েত অফিসে মহিলা সহকর্মীর শ্লীলতাহানি, যৌন হেনস্তা! প্রতিবাদ করলে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকির অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রতন পুরকাইত। মহিলার লিখিত অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাগর থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনার সাগর থানায় এক মহিলা রতনের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্তার অভিযোগ জানান। অভিযোগ ২৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৮টা নাগাদ তিনি প্রতিদিনের মতো পঞ্চায়েত অফিসে সাফাইয়ের কাজ করছিলেন। সেই সময় রতন একাই ছিলেন অফিসে। মহিলাকে একা পেয়ে পঞ্চায়েতের নির্বাহী সহকারী রতন ওই মহিলাকর্মীর অশালীন ব্যবহার করেন। পরে তাঁর শ্লীলতাহানি ও যৌন হেনস্তা করেন বলে জানিয়েছেন তিনি। মহিলা আরও দাবি করেছেন, ঘটনার প্রতিবাদ করেন তিনি। কিন্তু উলটে অভিযুক্ত তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন। চাকরি যাবে ভেবে তিনি কিছু বলেননি। পরে বুধবার তিনি থানায় অভিযোগ জানান।
লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। রতনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ৬৪(২)(বি) ও ৫০৬ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, "লিখিত অভিযোগের ভিত্তিতে সাগর থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।" আজ বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সরকারি অফিসে মহিলাকর্মীকে শারীরিক হেনস্তার অভিযোগ, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
