স্টাফ রিপোর্টার, বর্ধমান: ঝাড়ফুঁকেই হবে সমস্ত সমস্যার সমাধান। এই বিশ্বাসেই মৌলবির কাছে গিয়েছিলেন যুবতী। কিন্তু রক্ষকই ভক্ষক হওয়ার চেষ্টা করেছে। মৌলবির হাতেই শ্লীলতাহানির শিকার হয়েছেন। এমনই অভিযোগ জানালেন বর্ধমানের ইছলাবাদের যুবতী। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। অভিযুক্ত মৌলবিকে ধরে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দেন এলাকার লোকজন।
[অযোধ্যা পাহাড়ে বিদায়ী সভাধিপতির ছেলের নির্মীয়মাণ রিসর্টের কাজ বন্ধ করল প্রশাসন]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের ভাঙা মসজিদ এলাকায়। ইছলাবাদের বিধানপল্লীর ঘোষপাড়ার এক যুবতী ওই মসজিদের অন্য এক মৌলবির কাছে নিয়মিত ঝাড়ফুঁক করাতে যেতেন। দূর থেকেই ঝাড়ফুঁক করতেন সেই মৌলবি। কিন্তু সোমবার রাতে যুবতী মসজিদে গিয়ে দেখেন পরিচিত মৌলবি নেই। তার বদলে এক অচেনা মৌলবি রয়েছে। অভিযোগ, ঝাড়ফুঁক করানোর নামে ওই মৌলবি তাঁর শ্লীলতাহানি করে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকার লোকজন একত্র হন। অভিযুক্ত মৌলবিকে ধরে মারধর শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। প্রথমে ওই মৌলবিকে আটক করা হয়। পরে যুবতীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম শেখ বোরজাহান। বাড়ি বর্ধমান শহরেরই খাগড়াগড় এলাকায়। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতের জামিন মঞ্জুর করেছেন। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
[রমজান মাসে ব্যস্ততা তুঙ্গে, এবার বর্ধমানের মহিলাদের তৈরি টুপি যাচ্ছে আরবে]
The post ঝাড়ফুঁকের নামে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত মৌলবি appeared first on Sangbad Pratidin.
