শালিমারে (Shalimar) ভয়ংকর দুর্ঘটনা! স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন (Train Derailed)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। তবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে তিননম্বর প্লাটফর্ম।
ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্মের একাংশ। নিজস্ব চিত্র
জানা গিয়েছে, বুধবার সকালে সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা ট্রেনটি। ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত (Train Derailed in Shalimar) হয় ওই ট্রেনের একটি কামরা। কামরাটি ঘসতে ঘসতে এগিয়ে যাওয়ায় ভেঙে যায় প্লাটফর্মের একটা অংশ। স্বাভাবিকভাবেই স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ছুটোছুটি শুরু করেন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে রেল। তিন নম্বর প্ল্যাটফর্মটি আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্য প্লাটফর্ম থেকে চলাচল করছে ট্রেন।
এবিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, "একটি ঘটনা ঘটেছে। তবে ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর নেই। ৩ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত কামরাটি ঘষতে ঘষতে এগিয়ে যায়। ফলে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। দ্রুতই প্লাটফর্মটিকে চালু করার চেষ্টা করা হচ্ছে।" তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন রেলের কর্তা।
