shono
Advertisement
Durgapur

'ধর্ষণে'র পর দুর্গাপুরের সেই বেসরকারি মেডিক্যাল কলেজে এবার ছাত্রের রহস্যমৃত্যু! বাথরুমে উদ্ধার দেহ

গত বছর এই কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। ধর্ষণ মামলার রেশ কাটতে না কাটতেই ছাত্রের রহস্যমৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:31 AM Feb 15, 2026Updated: 10:15 AM Feb 15, 2026

দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের বাথরুম থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ রাখা হয়েছে হাসপাতালেই। কী করে পড়ুয়ার মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। তরুণ আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান। কিন্তু এখনও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত বছর এই কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।

Advertisement

মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ। বয়স ২২ বছর। তিনি বিহারের পাটনার বাসিন্দা। শনিবার রাতে হস্টেলের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, পরপর বেশ কয়েক বছর একটি সেমিস্টারের পরীক্ষায় পাস করতে পারেননি। অনুমান, সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু আত্মহত্যা নাকি, অন্য কোনও কারণ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শনিবার রাতে তাঁকে ঝুলতে দেখে খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে রাখা হয় হাসপাতালেই। খবর দেওয়া হয়েছে পরিবারকে। আজ, রবিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে। কথা বলা হচ্ছে মৃতের বন্ধুদের সঙ্গেও।

উল্লেখ্য, দুর্গাপুরের এই বেসরকারি কলেজেরই এক ছাত্রীকে কলেজের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সহপাঠী ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। ধর্ষণ মামলার রেশ কাটতে না কাটতেই এই ছাত্রের রহস্যমৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement