ফ্লাইওভারের নিচে পড়ে পুলিশকর্মীর ছেলের রক্তাক্ত দেহ। উপরে রাস্তার ধারে পড়ে বাইক। ৯ ফুট নিচে দেহ। কী করে যুবক নিচে পড়লেন তা নিয়ে ধোঁয়াশা। প্রাথমিক অনুমান, পথ দুর্ঘটনার শিকার হয়েছেন যুবক। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারে।
মৃত যুবকের নাম রাজ থাপা। বয়স ৩৬ বছর। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তাঁর বাবা পুলিশকর্মী। রাজ জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাইকে জলপাইগুড়ি ফিরছিলেন রাজ। ভোররাত ৪টে নাগাদ দেখা যায় ফ্লাইওভারের উপরে পড়ে রয়েছে তাঁর বাইক। নয় ফুট নিচ থেকে দেহ উদ্ধার হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, পেছন থেকে দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কায় নিচে পড়ে যান যুবক। তাতেই মৃত্যু। দুর্ঘটনা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, দিনকয়েক আগে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে ২৯ মাইল এলাকায় তিস্তায় পড়ে যায় একটি গাড়ি। তাতে মৃত্যু হয় দু'জনের। আহত হন ২ জন। জানা যায়, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তরবঙ্গের রাস্তায় মৃত্যু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
