shono
Advertisement
Siliguri

নিয়ম মেনে চলছে তো! তৃণমূলের 'আবর্জনা' সাফাইয়ে ১ মাস ধরে হোটেল-রেস্তরাঁ-মলে চলবে অভিযান

কোনও রকম ত্রুটি বা বেনিয়ম চোখে পড়লেই বন্ধ বা সিল করে দেওয়া হবে হোটেল, রেস্তরাঁ ও মল। মন্ত্রী শংকর ঘোষের কথায়, 'তৃণমূলের আবর্জনা পরিষ্কার করতে সরকারের কিছুটা সময় লাগবে।'
Published By: Jaba SenPosted: 12:20 PM Aug 20, 2026Updated: 02:05 PM Aug 20, 2026

রাজ্যে পর পর দুটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ১৮ জন। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুর্নীতির ফল ভুগতে হচ্ছে রাজ্যকে। এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার শিলিগুড়ির (Siliguri) হোটেল, রেস্তরাঁ ও মলগুলিকে সতর্ক করে দিলেন মন্ত্রী শংকর ঘোষ। তিনি জানান, আগামী ১ মাস ধরে কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, পুলিশ, বিদ্যুৎ দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক দল হোটেল, রেস্তরাঁগুলিতে সারপ্রাইজ ভিজিট করবে। কোনও রকম ত্রুটি বা বেনিয়ম চোখে পড়লেই বন্ধ বা সিল করে দেওয়া হবে। মন্ত্রীর কথায়, "তৃণমূলের আবর্জনা পরিষ্কার করতে সরকারের কিছুটা সময় লাগবে।"

Advertisement

তৃণমূলের 'আবর্জনা' সাফাইয়ে এদিন শিলিগুড়ির একাধিক হোটেল, রেস্তরাঁ পরিদর্শনে যান শংকর ঘোষ। সেখান থেকেই সারপ্রাইজ ভিজিটের কথা ঘোষণা করেন তিনি। মন্ত্রী স্পষ্ট করে দেন, সরকার সব রকমভাবে সহযোগিতা করবে। কিন্তু নিয়ম মানতেই হবে। অনিয়ম একেবারেই বরদাস্ত করা হবে না। ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে বন্ধ বা সিল করে দেওয়া হবে হোটেল, রেস্তরাঁগুলি। তারপর কাগজপত্র খতিয়ে দেখার কাজ চলবে। এদিন শংকর ঘোষ (Shankar Ghosh) বলেন, "অনিয়মই নিয়ম করে এতদিন চালানো হয়েছে। এর ফলে ফুলে ফেপে উঠেছে তৃণমূলের নেতারা। আমার অনুরোধ, ১ মাস ধরে চলা এই ইন্সপেকশনে সকলে সহযোগিতা করুন। রাজ্য সরকারের নিয়মাবলী যাতে সঠিকভাবে পালন করা হয় তা নিশ্চিত করবেন। না জানিয়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি আমি নয়। আগামী ১ মাস ধরে এই কাজ চলবে।"

উল্লেখ্য, কয়েকদিন আগে তারাপীঠে 'বিদেশিনী' ও বুধবার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু হয়। দুই ক্ষেত্রেই নিয়ম না মেনে হোটেল চালানোর অভিযোগ উঠেছে। এর জন্য বিগত সরকারকে দায়ী করেছে বিজেপি। রাজ্যে দু'টি হোটেলে বড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিলিগুলির সব হোটেল, রেস্তরাঁগুলিতে অভিযান চালানো হবে বলে জানালেন মন্ত্রী শংকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement