shono
Advertisement

বীর সিং মাহাতোর ‘অপরাজেয়’তকমাই ভরসা বামেদের

বীর সিং মাহাতোর জয়ের বিষয়ে আশাবাদী বামকর্মীরা। The post বীর সিং মাহাতোর ‘অপরাজেয়’ তকমাই ভরসা বামেদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:17 PM Apr 22, 2019Updated: 11:21 PM Apr 22, 2019

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: তিনি ‘অপরাজেয়’। বিমান বসুর ভাষায় ‘আনবিটন’ বা ‘নট আউট।’ তিনি কমরেড বীর সিং মাহাতো। পুরুলিয়া কেন্দ্রের বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী, বাঘমুন্ডির সারিডি গ্রামের বাসিন্দা। ভোটে দাঁড়িয়ে কখনও হারতে হয়নি তাঁকে। সে পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা। পঞ্চায়েত ভোটে জিতে তিন-তিনবার পুরুলিয়া জেলা পরিষদের সদস্য হন তিনি। তার মধ্যে দু’দুবার সহ-সভাধিপতি। টানা পাঁচবার সাংসদ ছিলেন। এই ‘অপরাজেয়’ বিষয়টিকে সামনে এনে এই কঠিন সময়ে পুরুলিয়ায় খানিকটা হাওয়া তোলার চেষ্টা করছে বামেরা।

Advertisement

[আরও পড়ুন-বুথের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভোটের আগের দিন ধুন্ধুমার তপনে]

এই কেন্দ্রে কর্মিসভা বা ছোট সভায় বীর সিং মাহাতোর হাত ধরে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলছেন, “ইনি নট আউট, আনবিটন। ভোটে লড়াই করে কখনও হারেননি। তাই আবার তাঁকে জেতাতে সিংহ ছাপে ভোট দিন।” তবে শুধু বিমান বসুই নন, এই কেন্দ্রে এখন বামেদের এটাই স্লোগান হয়ে গিয়েছে ‘নট আউট, বীর সিং মাহাতো।’ তবে এই বিষয়টি যে কাজে দিচ্ছে না তা কিন্তু নয়। গাঁ-গঞ্জে এই কথাতেই ভোট প্রচারে লোক
টানছেন তিয়াত্তর বছর বয়সী বীর সিং মাহাতো।

[আরও পড়ুন-জন্ডিসে আক্রান্ত প্রধানমন্ত্রী! আখের রস খাওয়ার পরামর্শ অনুব্রতর]

তাঁর প্রচারের সবসময়ের সঙ্গী তাঁর গাড়ির চালক তথা ছোট ছেলে স্ট্যালিন। তিনিই কার্যত তাঁর বাবার ভোট প্রচারে সবদিক দেখভাল করছেন। বাবাকে আবার ‘অপরাজেয়‘ দেখতে তিনি একটি বেসরকারি কোম্পানির ইঞ্জিনিয়ারের চাকরিও ছেড়ে দিয়েছেন। সেই স্ট্যালিন মাহাতোর কথায়, “বাবাকে আবার ‘অপরাজেয়’ দেখতে চাই আমরা সকলেই। তাই আপাতত একটি বেসরকারি কোম্পানির চাকরি ছেড়ে বাবার ভোট প্রচারের গাড়ির চালক বনে গিয়েছি। এই বয়সে ভোট প্রচারে বাবার যাতে কোনও সমস্যা না হয় তাই চালক হিসেবেই বাবার সঙ্গে রয়েছি। প্রচারের কাজে সবরকম ভাবে সাহায্য করছি।” পাঁচবারের সাংসদ বীর সিং মাহাতোও চান না তাঁর ছেলেরা কখনই বামফ্রন্টের আদর্শ থেকে সরে আসুক। তাই ছেলেদের নাম দিয়েছেন সুভাষ, লেলিন ও স্ট্যালিন। তবে ছোট ছেলে স্ট্যালিনের খাতায়-কলমে নাম রয়েছে বিপ্লব।

[আরও পড়ুন-বিতর্কিত গানের জের, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জোড়া এফআইআর কমিশনের]

ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লকের সভাপতি বীর সিং ১৯৭৮ সালে প্রথম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন। জেলা পরিষদে লড়ে জয়লাভ করেন। তারপর ১৯৮২, ১৯৮৮-তে আবার লড়ে পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি হন। এরপর ১৯৯১ সালে পার্টির নির্দেশে তিনি সহসভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়ে পুরুলিয়া লোকসভা উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লকের তরফে বাম প্রার্থী হয়ে সাংসদ হন। তারপর ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ সালে পরপর ভোটে দাঁড়িয়ে সাংসদ হন। এবার প্রায় দেড় দশক পর আবার প্রার্থী তিনি। তাঁর কথায়, “ভোটে আমি কখনও হারিনি। তাই বিমান বসু আমায় বলছেন ‘নট আউট।’ এবারও ভোটে জিতে তাঁর দেওয়া ‘নট আউট’ উপাধিটা ধরে রাখতেই হবে।” তাই কাঠফাটা রোদে মাথায় টুপি আর সিংহ আঁকা গলায় উত্তরীয় নিয়ে মিছিলে নিজেই স্লোগান দিচ্ছেন বীর সিং।

The post বীর সিং মাহাতোর ‘অপরাজেয়’ তকমাই ভরসা বামেদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement