সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঘেই অকাল বৃষ্টির সাক্ষী হতে পারে শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। ফের নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে রাজ্যের আকাশে। মেঘ জমতে শুরু করেছে। আবহাওয়াবিদদের অনুমান শুক্রবারের মধ্যে ঘনীভূত হবে। যার ফলে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানান ‘বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। যা সাগরের জলীয় বাষ্পকে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঢুকিয়ে দিচ্ছে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের জেরে তাপ বিকিরণ হতে পারছে না। ফলে বাড়ছে রাতের তাপমাত্রা।’ মঙ্গলবার কলকাতার তাপমাত্রা বেড়ে দাঁড়াবে ২০ ডিগ্রিতে। যেখানে, মাত্র দিন সাতেক আগে আগে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের দু’ডিগ্রি কম। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি। স্বাভাবিকের চার ডিগ্রি বেশি। আপাতত পারদের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে বলে এদিন জানিয়েছেন গণেশকুমার দাস। একই সঙ্গে জমতে শুরু করবে মেঘ। যার ফলে সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে।
[ভারতীর জন্য দরজা খোলা, দিলীপের মন্তব্যে নতুন সমীকরণের ইঙ্গিত]
অবশ্য বিপরীত ঘূর্ণাবর্ত দুর্বল হলেও তাপমাত্রা নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হাওয়া অফিসের অধিকর্তা। তার আঁচ অবশ্য এদিন বেলা গড়াতেই অনুভূত হয়েছে। গায়ে সোয়েটার রাখা যাচ্ছে না। ঘেমেনেয়ে একশা দুপুরে সোয়েটার-ব্লেজারের জায়গা হয়েছে ব্যাগে কিংবা কাঁধে। বাড়িসে-অফিসে মাথার উপর ফ্যান চলছে বনবনিয়ে। কার্যত লোটাকম্বল গুটিয়ে আলমারিতে তোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গত তিন বছরে এত তাড়াতাড়ি শীতের বিদায় হয়নি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পুঁথি ঘেঁটে তাঁরা জানাচ্ছেন, গত বছর ৫ ফেব্রুয়ারি শহরের তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি। তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালে ছিল আরও খানিকটা কম। ১৬.৬। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ১৭-র কোঠায় চড়েছিল শহরের তাপমাত্রা। অর্থাৎ শীত পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে। এবার রাঙিয়ে যাওয়ার পালা বসন্তের।
[বিয়ের দাবিতে প্রেমিকের দরজায় ধরনা, পুড়ে মরার হুমকি মহিলার]
The post ঘনীভূত হচ্ছে মেঘ, সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অকাল বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
