সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে ডোমজুড়েও শুরু হতে চলেছে মেগা হেলথ ক্যাম্প। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার সেবাশ্রয় মডেলের অনুকরণে হাওড়ার জগৎবল্লভপুরে আগেই এহেন মেগা হেলথ ক্যাম্প করা হয়েছে। এবার ডোমজুড়ে শুরু হবে এহেন স্বাস্থ্য শিবির। যেখানে সাধারণ মানুষ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাবেন। সেই মতো আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি ডোমজুড়ের বাঁকড়া জুগনু অ্যাথলেটিক ক্লাবের মাঠে এই সেবাশ্রয় ক্যাম্প হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্য শিবিরগুলি চালু থাকবে।
জানা গিয়েছে, এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষ সবরকম চিকিৎসা পাবেন। থাকবেন গায়নোকোলজিস্ট, জেনারেল মেডিসিন, কার্ডিয়োলজিস্ট, নিউরোলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক, ইএনটি, চক্ষু বিভাগের মতো বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
বিনা পয়সায় এই স্বাস্থ্য শিবির থেকে চিকিৎসা পাওয়ার পাশাপাশি একাধিক পরীক্ষাও করা যাবে। করা যাবে একেবারে বিনা পয়সায় রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষার মধ্যে সিবিসি, থাইরয়েড, লিপিড প্রোফাইল, কেএফটি, সুগারের মতো রক্তের পরীক্ষা করা যাবে। রোগ নির্ণয় করে ডোমজুড়ের মানুষকে বিনামূল্যে ওষুধ, চশমা ও শ্রবণযন্ত্রও দেওয়া হবে এই সেবাশ্রয় থেকে। গরিব মানুষরা এখানে বিনামূল্যে এক্স-রে, ইসিজিও করাতে পারবেন।
এই প্রসঙ্গে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বললেন, ‘‘রমজান মাস চলছে বলে সেবাশ্রয় ২ দিন চলবে। পরবর্তীতে ডোমজুড়ে রোজই সেবাশ্রয় চালানোর পরিকল্পনা করা হচ্ছে। যে সমস্ত গরিব মানুষ হাসপাতালে পৌঁছোতে পারেন না তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিজের এলাকাতেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।’’ সেবাশ্রয় নিয়ে বলতে গিয়ে তৃণমূলের হাওড়া জেলা তৃণমূলের সদর যুব সভাপতি কৈলাশ মিশ্র বললেন, ‘‘একটাও পরিবার যাতে সেবাশ্রয়ের চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তা দেখবো আমরা। পাশাপাশি বিজেপি নেতাদের বলবো সেবাশ্রয় এসে একটু চোখগুলো চিকিৎসকদের কাছে পরীক্ষা করিয়ে নিয়ে যান। তাহলে আপনারা এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানুষের জন্য উন্নয়নটা দেখতে পাবেন।’’
বলে রাখা প্রয়োজন, প্রথম ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্প চালু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা রীতিমতো জনপ্রিয় হয়। বহু মানুষ সেই ক্যাম্প থেকে উপকৃত হন। এরপর নন্দীগ্রামেও এহেন ক্যাম্প করা হয়। একইভাবে হাওড়ার জগৎবল্লভপুরেও এহেন মেগা হেলথ ক্যাম্প করা হয়। এবার সাধারণ মানুষের কথা ভেবে ডোমজুড়েও শুরু হচ্ছে বিশেষ এই স্বাস্থ্য শিবির।
