হাওড়ার নির্জন রাস্তা যেন আতঙ্ক! দুপুরে ছাত্রী, রাতের শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা এলাকায়। শেষমেশ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন জনতাই। শনিবার রাত ও রবিবার দুপুরের দুটি ঘটনাতেই অভিযুক্ত ওই একজনই। সে স্থানীয় এক মদের দোকানের মালিক বলে জানা গিয়েছে। চ্যাটার্জিহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে বলে অভিযোগ। ধৃতের নাম রজপ্রিয় সাহা। নেতাজি সুভাষ রোডের শ্যামাশ্রী সিনেমার কাছে তার বাড়ি বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সেইসঙ্গে নির্জন পথে বেরতে গিয়ে আতঙ্কিত বোধ করছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, ঘটনা দুটি ঘটেছে শিবপুরের তাঁতিপাড়া ও নস্করপাড়ায়। আতঙ্কিত ও ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, রজপ্রিয় সাহা ওই যুবক একটি মদের দোকানের মালিক। প্রায়শয়ই ছাত্রী, তরুণী ও মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন এলাকার নির্জন রাস্তা দিয়ে সে বাইক নিয়ে ঘুরে বেড়ায়। বাইকের নম্বর প্লেট ঢাকা। রাস্তায় কোনও ছাত্রী, তরুণী বা মহিলাকে একা পেলেই অসভ্যতা করে বলে অভিযোগ।
ধৃত যুবক রজপ্রিয় সাহা। নিজস্ব ছবি
রবিবার সকাল সাড়ে ১২ টা নাগাদ শিবপুরের তাঁতিপাড়া দিয়ে ফিরছিল একাদশ শ্রেণির ছাত্রীক। রজপ্রিয় নির্জন রাস্তায় তার পথ আটকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রী চিৎকার-চেঁচামেচি করতে শুরু করে। তখন আশপাশের লোকজন ছুটে গিয়ে অভিযুক্তকে পাকড়াও করার চেষ্টা করলে সে দ্রুতগতিতে বাইক নিয়ে চম্পট দেয়। তাঁতিপাড়ার বাসিন্দারা সিসিটিভি ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করে। কিছুক্ষণের মধ্যেই তাকে হাতেনাতে পাকড়াও করে চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে তুলে দেয়।
একই ঘটনা ঘটেছিল শনিবার রাতে, শিবপুরের নস্করপাড়া এলাকায়। এক শিক্ষিকা রজপ্রিয়র শ্লীলতাহানির শিকার হয়েছেন এক শিক্ষিকা। রাতে ওই শিক্ষিকা যখন স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তখন তাঁকে নির্জন রাস্তায় আটকে ওই যুবকই শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। ওই মহিলা প্রতিরোধ করতে গেলে মদের দোকানের মালিক ওই যুবক শনিবার রাতেও একইভাবে বাইক নিয়ে চম্পট দেয়। নস্করপাড়ার বাসিন্দারাও ওই যুবককে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে রবিবার তাঁতিপাড়াতেও একই ঘটনা সে ঘটায় এই খবর পেয়ে নস্করপাড়ার বাসিন্দারাও চ্যাটার্জিহাট থানায় গিয়ে ওই যুবকের কঠোর শাস্তির দাবি করে।
