শাসনের শিশু পাচার চক্রের সঙ্গে ভিনরাজ্যের যোগ। বিক্রি হওয়া শিশু সন্তানকে তেলেঙ্গানা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রথমে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় চক্রের 'মাস্টারমাইন্ড' মহিলা শিবা নায়েককে। তার থেকে তদন্তকারীরা জানতে পারেন, তেলেঙ্গানার নিঃসন্তান পি ইয়েল্লাহর থেকে শিবা তিন লক্ষ টাকা নিয়ে শিশুকে বিক্রি করেছিল। এরপর তাকেও পুলিশ গ্ৰেপ্তার করে। সোমবার ট্রানজিন্ড রিমান্ডে উদ্ধার হওয়া শিশু ও ধৃত দু'জনকে নিয়ে আসা হবে শাসনে।
বারাসত ২ নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের বহিরা কালীবাড়ি এলাকার বাসিন্দা অভিযুক্ত রবিন পাসোয়ান ওরফে বুড়ো ও তাঁর স্ত্রী টোটোন সরকার। অভাবের তাড়নায় দশ মাসের কন্যাসন্তান বিক্রি করেন বলে অভিযোগ। দত্তপুকুর থানার বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা সোনালি সাহা ওরফে জাসমিনা বিবি মাধ্যমে শিশুকে বিক্রি করা হয় বলেই অভিযোগ। সন্তানকে বিক্রির জন্য দম্পতি ৫০ হাজার টাকা নিয়েছিল বলেই জানা গিয়েছে। মাসচারেক আগের এই ঘটনা সূত্র মারফত জানতে পারেন বারাসত ২ নম্বর ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এনিয়ে তিনি শাসন থানায় লিখিত অভিযোগে দায়ের করেন।
তদন্তে নেমে গত ২৭ জানুয়ারি অভিযুক্ত দম্পতি ও দালাল সোনালিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করা হয়। টানা জেরায় আরও কয়েকজনের নাম সামনে আসে। এরপর আরও দু'জন গ্রেপ্তার হয়। তার ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। উদ্ধার হয়েছে ওই কন্যাসন্তান। উদ্ধার হওয়ার পর শিশুর স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে। বারাসত জেলা পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া জানিয়েছেন, "শিশু সুস্থ আছে। অপরাধের একাধিক তথ্য আমাদের কাছে এসেছে। আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
