জমি সংক্রান্ত বিবাদ থেকে পুলিশের সঙ্গেই ঝামেলা! তারপর সামাজিক মাধ্যমে পুলিশের বিরুদ্ধে কটাক্ষের অভিযোগ। সেই সূত্র ধরেই গ্রেপ্তার বিজেপি নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। ধৃতের নাম গোপাল ধীবর। ঘটনায় শুরু হয়েছে বিজেপি-তৃণমূল রাজনৈতিক চাপানউতোর। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পালটা দাবি ওই বিজেপি নেতার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি জমি নিয়ে বিবাদ হয়েছিল। থানা-পুলিশ পর্যন্ত বিষয়টি গড়িয়েছিল। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় বিজেপি নেতা গোপাল ধীবর কাজে বাধা দেন। পরিস্থিতি শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। অভিযোগ, ওই বিজেপি নেতা এরপর সামাজিক মাধ্যমে পুলিশকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যও করেছিলেন। সেই সূত্র ধরেই বাঁকুড়া সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা আরও চড়েছে জেলায়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “একজন বিজেপি নেতাকে নিশানা করে পরিকল্পিতভাবে মামলা দেওয়া হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। আইনি লড়াই চলবে।” অন্য দিকে, শাসক দল তৃণমূলের পালটা দাবি, আইনের ঊর্ধ্বে কেউ নন। পুলিশের কাজে বাধা দেওয়া, সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আইন অনুযায়ী পদক্ষেপ হয়েছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের একাংশের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাই একমাত্র লক্ষ্য। তদন্ত চলছে, প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
