বঙ্গে উর্ধ্বমুখী পারদ! সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরবে! শহর কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। তবে ভোর ও রাতে জেলার শহরগুলিতে হালকা শীতের আমেজ রয়েছে।
দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায়।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ উধাও। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা ও মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা একটু বেশি। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলায় তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রির ঘরে।
