দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মদ্যপানকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বচসা। বচসার জেরে এক বন্ধুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল অন্য বন্ধুর বিরুদ্ধে। মৃতের নাম বাপি নাইয়া। অভিযুক্তের নাম রবিন নাইয়া। রক্তমাখা দা-সহ রবিনকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার ময়দা মিলন সংঘ মাঠে।
[চাকরির টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, একঘরে অভিযুক্তর পরিবার]
জানা গিয়েছে, ময়দা মিলন সংঘ মাঠ লাগোয়া দুই বন্ধুর বাড়ি। রাতে ওই মাঠেই বসেছিল মদ্যপানের আসর। চলছিল পানাহার। আচমকাই কোনও একটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে বচসা শুরু করে রবিন ও বাপি নাইয়া। বচসা চলতে চলতে একটা সময় হাতহাতিও শুরু হয়ে যায়। মদের ঘোরে দু’জনেই ততক্ষণে বাহ্যজ্ঞান হারিয়েছে। আচমকাই মদ্যপ বাপিকে রেখে বাড়ি চলে যায় রবিন। তবে কিছুক্ষণের মধ্যেই দা হাতে নিয়ে ফিরে আসে। ফের শুরু হয় কথা কাটাকাটি। এরমধ্যে ঝোঁকের বশে আচমকাই বাপির গলায় দা দিয়ে কোপ বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রথম আঘাতেই গুরুতর আহত বাপি ওঠার চেষ্টা করেন। তখন তাঁর পায়ে ফের দ্বিতীয় কোপটি দেয় রবিন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায় বাপি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে বাপির পড়ে যাওয়া দেখে টনক নড়ে রবিনের। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, নেশায় চুর হয়ে বন্ধুকে আক্রমণের খবর চাউর হয়ে যায়। মাঠে ভিড় জমে যায়। খবর যায় নিকটবর্তী জয়নগর থানায়। পুলিশ এসে রক্তাক্ত বাপি নাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দা-সহ রবিনকে গ্রেপ্তার করা হয়। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মদ্যপানের সময় কথা কাটাকাটির জেরেই খুন হয়েছেন বাপি নাইয়া।
[কবে হবে পঞ্চায়েত ভোট? উত্তর মিলতে পারে আজ]
The post মদ্যপানের আসরে বচসার জের, বন্ধুকে কুপিয়ে খুন করল যুবক! appeared first on Sangbad Pratidin.
