রবিবাসরীয় সকাল, মুম্বই শহর একেবারে জল থৈ থৈ। প্রবল বর্ষণের মাঝেই হয়ে গেল মধুরেণ সমাপয়েৎ। ৫ জুলাই, আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন পথচলা শুরু করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট (Aamir Khan-Gauri Sprat Wedding)। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুপুর পৌনে একটা নাগাদ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সই করেছেন আমির-গৌরী।
ছিমছাম সাজেই নজর কেড়েছেন দম্পতি। পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে রেজেস্ট্রি পেপারে সই করলেন যুগলে। হাসি মুখে আমির যখন সই করছেন, তখন তাঁকে দু'চোখ ভরে দেখছেন গৌরী। প্রকাশ্যে আমির-গৌরীর বিয়ের প্রথম ছবি।
সই বিয়ের মুহূর্ত
সকাল থেকেই আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে ঘিরে উৎসবের মেজাজ। মিস্টার পারফেক্টশনিস্টের পালি হিলের বাড়ির সামনে কড়া নিরাপত্তা। একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামছে খান পরিবারের গেটে।
ভিড় জমিয়েছেন সেলেব পাপারাজ্জিরা। ঘরোয়া পরিসরে আয়োজিত হলেও আমিরের মতো সুপারস্টারের বিয়ে অন্যতম আকর্ষণ তা বলাই বাহুল্য। তাই এই হাইপ্রোফাইল বিয়ের যাবতীয় খুটিনাটিই এখন প্যাপেদের পাখির চোখ। 'জাস্ট ম্যারেড' আমির-গৌরীর জীবনের এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্ত দূর থেকেই উপভোগ করতে অত্যুৎসাহী অনুগামীরা।
উচ্ছ্বসিত দম্পতি
গৌরীর সঙ্গে বিয়ে সেরে আমিরের 'হ্যাটট্রিক'। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন স্বস্ত্রীক পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজনীতিবিদ রাজ ঠাকরে. ক্রিকেট তারকা ইরফান পাঠানসহ আরও অনেকে। বাবার তৃতীয় বিয়ের সাক্ষী থাকবেন তাঁর তিন সন্তান। পূর্বঘোষিত অনুষ্ঠানসূচী অনুযায়ী এসে গিয়েছেন জুনায়েদ খান। স্বামী নুপূরের সঙ্গে পৌঁছেছেন ইরাও।
তবে বৃষ্টিতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল অম্বানি পরিবারকে। আমিরের বাড়ির সামনে গাছ ভেঙে পড়ায় আটকে পড়েছে কনভয়। বৃষ্টি মাথায় নিয়েই গাড়ি থেকে নামলেন কমেডিয়ান বীর দাস। আমিরের বন্ধু-ক্রিকেট তারকা ইরফান পাঠান একটি ভিডিও পোস্ট করেছেন শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
প্রবল বর্ষণকে উপেক্ষা করেই শনিবার থেকে আমিরের পালি হিলের বাড়িতে ঢুকেছে অনুষ্ঠানের জিনিসপত্র। সেজে উঠছে চারিদিক, আলোর মালায় সুসজ্জিত মুম্বইয়ের বাসভবন। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই দৃশ্য। রবিবার সকাল থেকেও চিত্রটা সেই একইরকম। বৃষ্টির মধ্যেই চলছে হাইভোলটেজ বিয়ের অনুষ্ঠান।
