২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় 'ধুরন্ধর'। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের মাত্র তিন মাস পর ১৯ মার্চ ফের পর্দা কাঁপাচ্ছেন রণবীর সিং। প্রায় চার ঘণ্টা হলে বসে টানটান উত্তেজনার সঙ্গে দর্শক উপভোগ করছে আদিত্য ধরের 'ধুরন্ধর' ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ভাগ। বক্স অফিসে 'ধুরন্ধর'-এর জয়জয়কারের মাঝে গুঞ্জন, এবার নাকি দর্শকের মনোরঞ্জনের জন্য তৃতীয় ভাগও নিয়ে আসছেন পরিচালক আদিত্য ধর। চলতি বছর ১৪ জুন মুক্তির দিনক্ষণ নিয়েও চর্চা শুরু। তবে এই গুঞ্জনের নেপথ্যে রয়েছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি। যেখানে লেখা ছিল- 'ধুরন্ধর: দ্য ফাইনাল চ্যাপ্টার, ১৪ জুন, ২০২৬।' জল্পনা জোরাল হতেই মুখ খুললেন পরিচালক।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছেন, "এমন কিছুই হচ্ছে না। অনেক গুজব ছড়িয়েছে।" একইসঙ্গে নিশ্চিত করেছেন, যদি এর মধ্যে কোনও সত্যতা থাকে তাহলে তিনি নিজেই সোশাল মিডিয়ায় সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন। 'ধুরন্ধর'-এর তৃতীয় ভাগ নিয়ে জল্পনার সূত্রপাত আদিত্য ধর নিজেই দর্শককে সিনেমার শেষে ক্রেডিট পর্যন্ত হলে বসে থাকার অনুরোধ করেছিলেন।
সোশাল মিডিয়ায় পরিচালক লিখেছিলেন, 'আর একটা কথা ক্রেডিট শেষ না হওয়া পর্যন্ত আসন ছেড়ে উঠবেন না।' হলে উপস্থিত দর্শক ভেবেছেন সেখানেই তৃতীয় ভাগের ইঙ্গিত রয়েছে। যে সকল দর্শক 'ধুরন্ধর'-এর তৃতীয় পর্বের আশায় ছিলেন তাদের জন্য এই খবর চরম হতাশার সে কথা অস্বীকার করার উপায় নেই। আদিত্য ধর 'ধুরন্ধর' নিয়ে পরবর্তী কাজের ইচ্ছেপ্রকাশ না করলেও প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস নাকি এই সিরিজের উপর কাজ করতে খুবই আগ্রহী।
এদিকে, 'ধুরন্ধর ২'-এ বুঁদ বলি ডিভা আমিশা প্যাটেল। এক্স হ্যান্ডেলে পরিচালক আদিত্য ধরের প্রশংসা করে লিখেছেন, 'চোখ খুলে দেওয়ার মতো একটি সিনেমা। ইন্ডাস্ট্রি যে ভাবে ধুরন্ধর-কে প্রশংসা করছে, সেটা সত্যিই দারুণ। ইন্ডাস্ট্রির এটা বোঝা উচিত আদিত্য একটা সিনেমা তৈরি করেছে কোনও প্রজেক্ট না। প্রকৃত অভিনেতাদের কাস্ট করেছে পার্টিতে ট্রেন্ড করা ইনস্টাগ্রামারদের নয়। প্রজেক্ট ছেড়ে সিনেমা বানান।'
