বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। ৮৩ বছরেও জেন জি-র সঙ্গে পাল্লা দিয়ে শুটিং ফ্লোর কাঁপাতে সিদ্ধহস্ত। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন-রিয়্যালিটি শো-তেও বাজিমাত। সোশাল মিডিয়ায় নিত্যদিনের আপডেট শেয়ারেও বিন্দুমাত্র বিলম্ব করতে নারাজ। বার্ধক্যের ক্লান্তি-আলস্য কোনও কিছুই তাঁকে ছুঁতে পারেনি। বরং আজও একটা দিন কাজ না করলে ভালো লাগে না। বয়সের সঙ্গে অনেকেই কাজের পরিসর কমিয়ে আনেন কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটতেই স্বচ্ছন্দ। তিনি আর কেউ নন, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
নিজের ভ্লগে বিগ বি লিখেছেন, 'আলস্য করেই আজকের দিনটা কেটে গেল। একটা দিন কাজ না করলে ভালো লাগে না। কাজের রুটিনে যদি হঠাৎ পরিবর্তন আসে তাহলে দৈনন্দিন জীবনের ভারসাম্য নষ্ট হয়। দিনটা আচমকা বদলে গেলে চেনা ছবিটাও অচেনা মনে হয়।'
কর্মবিরতিতে বিরক্ত বিগ বি।
সম্প্রতি তিনি 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৭'-র সঞ্চালনার কাজ শেষ করেছেন। আর কাজ শেষ হতেই মন খারাপ অমিতাভের (Amitabh Bachchan)। বিদায়বেলায় দর্শকদের সঙ্গে তাঁর এই দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, "কখনও কখনও কোনও এক মুহূর্ত আমাদের মনের এতটাই গভীরে চলে যায় যে শেষ মুহূর্তে মনে হয় এই তো সেদিন শুরু হল অথচ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সবকিছুই যেন গতকালের মতো মনে হয়। খেলার শেষ দিনে আবেগ যেন একেবারে আষ্টেপিষ্ঠে জড়িয়ে ধরেছে। জীবনের এক-তৃতীয়াংশেরও বেশি সময় আপনাদের সঙ্গে কাটিয়েছি, এটা আমার জীবনের বিরাট প্রাপ্তি।"
অমিতাভ ভ্লগে লেখেন, "একটা দিন কাজ না করলে ভালো লাগে না। কাজের রুটিনে যদি হঠাৎ পরিবর্তন আসে তাহলে দৈনন্দিন জীবনের ভারসাম্য নষ্ট হয়।"
দীর্ঘ ছ'দশকের বেশি সময়ে ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য অমিতাভের। বলিউড থেকে দক্ষিণী ছবিতে একচেটিয়া অভিনয় আজও দর্শককে মুগ্ধ করে। সমাজমাধ্যমে যে কোনও বিষয়ে মতপ্রকাশের সঙ্গে পরমার্শদাতা হিসেবেও জুড়ি মেলা ভার। তাই তো একদিনের কর্মবিরতি-তে বিরক্ত হন বিগ বি। তাঁর মতে, 'যদি কখনও মনে হয় আপনার ইচ্ছেমতো দিনটা শুরু হচ্ছে না, মনের ভিতর একটা উচাটন কাজ করছে তাহলে শান্ত থাকার চেষ্টা করুন। কারণ অতিরিক্ত উদ্বেগ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই কোনওরকম উদ্বেগ-দুঃশ্চিন্তা ছাড়া দিন কাটান।"
