যেখানে ভালোবাসা সেখানেই মান-অভিমান! রাগ-মনোমালিন্য-ঝগড়া ছাড়া নাকি প্রেম অসম্পূর্ণ! আর ঠিক সেই কারণেই আগামী বাংলা ছবি অভিমানের পোস্টারের ট্যাগলাইন 'ভালোবাসা বাঁচে, অভিমানের আঁচে।' ইন্দ্রদীপ দাশগুপ্তের নির্দেশনায় ছকভাঙা প্রেমের কাহিনির সঙ্গে পরিচিত বাঙালি দর্শক। সেইরকমই আরও এক ভালোবাসার গল্প বুনেছেন ইন্দ্রদীপ। 'গৃহপ্রবেশ'-এর পর এবার 'অভিমান'। আর সেই অভিমানের আঁচে কীভাবে ভালোবাসা বাঁচবে তা দেখার জন্য আর মাত্র তিনদিনের অপেক্ষা।
আগামী ১৯ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পতে চলেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ও যিশু সেনগুপ্ত প্রযোজিত আগামী ছবি 'অভিমান'। বড়পর্দায় প্রযোজক হিসেবে প্রথম ছবি নিয়ে আসছেন যিশু সেনগুপ্ত। আর সেই সুবাদেই প্রযোজক যিশুর প্রথম ছবিতে দেখা যাবে ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সঙ্গে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
'অভমান'-এর শুভ মহরৎ
অভিনেতা সৌরভ দাসের সঙ্গে যৌথভাবে শুরু যিশুর এই নতুন পথচলা। এই সংস্থার হাত ধরেই যিশু প্রযোজিত ছবিতে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে সেই খবর প্রথম জানিয়েছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। ২৬ ফেব্রুয়ারি, লক্ষ্মীবারে সুসম্পন্ন হয়েছে সেই ছবিরই শুভ মহরৎ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ।
একইসঙ্গে এদিন প্রকাশ্যে এসেছে ‘অভিমান’র মোশন পোস্টারও। উল্লেখ্য, ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত ছাড়াও থাকবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রিয়া কারফা প্রমুখ। বলে রাখা ভালো, এই ছবির হাত ধরেই ফের ‘গৃহপ্রবেশ’র পর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় অভিনয় করবেন টলিউডের 'লেডি সুপারস্টার'।
অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম ‘ঋষি চ্যাটার্জি’। প্রযোজনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করবেন যিশু, ছবিতে তাঁর চরিত্রে নাম ‘আকাশ চ্যাটার্জি’। একজন গায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। সম্পর্ক, ত্রিকোণ প্রেম ও ঘাত-প্রতিঘাতের নিখুঁত বুনোট দেখা যাবে বলেই আশাবাদী দর্শক।
