মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে রণবীর সিংয়ের 'ধুরন্ধর' (Dhurandhar)। ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। শুরু থেকেই সাড়া ফেলে দিয়েছিল আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর'। এই ছবি যে লম্বা রেসের ঘোড়া তা প্রথম থেকেই প্রমাণ হয়ে গিয়েছিল। আর সেই দৌড় এখনও অব্যাহত। ওটিটি পর্দায় আসার পরও সিনেমা হলে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছে 'ধুরন্ধর'। টানা ৭৫ সপ্তাহ ধরে সিনেমা হলে এই ছবির জার্নি নতুন মাইলফলক তৈরি করেছে। ভারতীয় বিনোদুনিয়ায় যা বিরল।
আদিত্য ধরের স্পাই-থ্রিলার ঘরানার এই ছবি রীতিমতো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে অনেক আগেই। এবার সামনে এল নতুন তথ্য। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি নির্মাতাদের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, এই ছবি সগৌরবে সিনেমাহলে অতিক্রম করেছে ৭৫ দিন। যা তৈরি করেছে নতুন এক মাইলফলক। এই ছবির প্রযোজনা সংস্থা 'বি৬২'-এর তরফে সোশাল মিডিয়া পোস্টে জানানো হয় এই খবর। পোস্টের ক্যাপশনে লেখা, 'সিনেমাহলে ৭৫ দিনের অপ্রতিরোধ্য দৌড় 'ধুরন্ধর'-এর।' এখানেই শেষ নয়, ৭৫ দিন বড় পর্দায় দৌড়ের পাশাপাশি ৮৩৮ কোটির ব্যবসা করেছে 'ধুরন্ধর'। অন্যদিকে বিশ্বব্যাপী ১৩০০ কোটির ব্যবসা করেছে। যা রীতিমতো ছাপিয়ে গিয়েছে 'জওয়ান' এবং 'পুষ্পা ২'-এর ব্যবসাকেও। আর সেদিক থেকে বলিউডে 'ধুরন্ধর'ই প্রথম যা দেশের মাটিতে আটশো কোটির মাইলস্টোন ছুঁল।
সিনেমাহলে ৭৫ দিনের অপ্রতিরোধ্য দৌড় 'ধুরন্ধর'-এর। এখানেই শেষ নয়, ৭৫ দিন বড় পর্দায় দৌড়ের পাশাপাশি ৮৩৮ কোটির ব্যবসা করেছে 'ধুরন্ধর'।
উল্লেখ্য, 'ধুরন্ধর'-এর হাত ধরেই রণবীরের কেরিয়ারের ভরাডুবি ঘুচেছে। একইসঙ্গে এই ছবিতে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শকের দরবারে অক্ষয় খান্নাও। অন্যদিকে অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্তকেও দেখা গিয়েছে এক্কেবারে অন্য অবতারে।'FA9LA'র র্যাপ গানে অক্ষয়ের ডান্স স্টেপ বিশেষভাবে নজর কেড়েছে। অন্যদিকে সেই ছবির রেশ কাটতে না কাটতেই ঘোষণা হয়েছে 'ধুরন্ধর'-এর সিক্যুয়েল মুক্তির দিনক্ষণ। ইতিমধ্যেই সামনে এসেছে তার টিজার। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে বড়পর্দায় ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
