চলতি সপ্তাহের সোমবারই দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব। ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে অবশেষে এগারো দিন বাদে তিহাড় জেল থেকে মুক্তি পেয়ে নিজের বাড়ি ফিরেছেন বলিউডের কৌতুকাভিনেতা। এইমুহূর্তে দাদার মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেতা। তার মাঝেই শাহজাহানপুরে নিজের পৈতৃক ভিটেয় পিটিআই-এর মুখোমুখি হন রাজপাল। সেখানেই সংশোধনাগার সংস্কারের দাবি তোলার পাশাপাশি এক 'আজব আবদার' করে বসলেন রাজপাল যাদব।
কৌতুকাভিনেতার মন্তব্য, "রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরের মতো জেলের ভিতরেও ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান থাকা উচিত।" এরপর রাজপাল যাদব আরও জোর দিয়ে বলেন যে, "কারাগারগুলির উচিত সংস্কারকেন্দ্র হিসেবে কাজ করা। যেখানে বন্দিদের মানসিক পরিবর্তনের জন্য কাঠামোগত সুযোগ থাকা উচিত। যদিও সেটা আইনের আওতায় পড়ে তবে আমি বলব, কে মারাত্মক অপরাধী , আর কে নিমিত্তমাত্র ভুলের জন্য জেলে রয়েছে, সেটা বাইরে থেকে বিচার করা খুবই কঠিন।" সেই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় হাসির রোল। জেলে তাঁর ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করার দাবি শুনে হতবাক একাংশ! কারও মন্তব্য, 'সংশোধনাগার তো নিজের বাড়ি নয় যে যাবতীয় সুযোগ-সুবিধে দেওয়া হবে!' কারও বা বক্তব্য, 'এভাবে কেউ কোনওদিন বন্দিদের সুযোগ-সুবিধের জন্য সরব হননি।' সবমিলিয়ে রাজপাল যাদবের মন্তব্য চর্চার শিরোনামে।
রাজপাল যাদব
জেলে কীভাবে দিন কাটছিল রাজপাল যাদবের? দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল, সিনেপর্দার ‘ছোটে পণ্ডিতে’র সংশোধনাগারের রোজনামচা। জানা যায়, বলিউড তারকা বলে তিহাড় জেলে বাড়তি কোনও সুবিধে তিনি পাননি। সংশোধনাগারের বাকি বন্দিদের মতোই অভিনেতার খাওয়াদাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছিল। বিশ্রামও নিতে হচ্ছিল ঘড়ির কাটা ধরে। বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, রাজপাল যে ‘সেলে’ ছিলেন, সেখানে একসময়ে ছোটা রাজন, গ্যাংস্টার নীরজ বাওয়ানার মতো কুখ্যাতদের রাখা হয়েছিল। শুধু তাই নয়। সকাল ৬টা বাজতেই রাজপালকে এক কাপ চা আর রুটি দেওয়া হচ্ছিল প্রাতঃরাশ হিসেবে। বারো ঘণ্টার ব্যবধানে সন্ধে ৬টায় আবার রাতের খাবার খেতে দেওয়া হচ্ছিল। ডাল-ভাত, রুটি-সবজি… ব্যাস! এরপর খিদে পেলেও সংশোধনাগারে আর খাওয়ার অনুমতি ছিল অভিনেতার। তবে জেলে বলিউড তারকাকে পেয়ে নাকি বেজায় উচ্ছ্বসিত হয়েছিল সেখানকার বাকি বন্দিরা। যদিও নিরাপত্তার কারণে রাজপাল যাদবের সঙ্গে কারও সাক্ষাতের অনুমতি ছিল না, তবে একঝলক দেখার জন্য নাকি থাকত তারা। এবার জেলমুক্তি হওয়ার পরই তাদের হয়ে আওয়াজ তুললেন বলিউড তারকা।
