ফিল্মি কেরিয়ারের গোড়া থেকেই 'নেপোকিড' বলে সমালোচিত হয়ে আসছেন আলিয়া ভাট। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' কালে কালে অভিনেত্রী হিসেবে নিজের জাত চেনালেও সেই তকমা আজও পিছু ছাড়েনি আলিয়ার। সেকারণেই 'ট্রোল-বইঠা'কে অস্ত্র করে বর্তমানে নানাভাবে চর্চার শিরোনামে থাকেন অভিনেত্রী! 'আলফা'র প্রচারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ছবির প্রচারের জন্যেও তিনি বেছে নিয়েছিলেন সময় রায়নার রোস্ট শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'কে। যেখানে আবারও স্বেচ্ছায় ট্রোলড হন অভিনেত্রী! তবে এতকিছুর পরও লাভের লাভ হয়নি। বক্স অফিসে ধরাশায়ী 'আলফা'। সেই প্রেক্ষিতেই লাগাতার কটাক্ষের শিকার হতে হচ্ছে বর্তমানে আলিয়া ভাটকে। কিন্তু যে নায়িকা ট্রোল-মিমকে 'স্মার্ট হাতিয়ার' করে বিগত দিনগুলিতে লাইমলাইটে থেকেছেন, সেই তিনিই কিনা এবার মারাত্মক সমালোচনার জেরে মেজাজ হারালেন!
'একজন মহিলার সাফল্য আপনাদের সহ্য হয় না, তাই না? আমার মাথায় করণ জোহরের হাত রয়েছে। কারও বাপের সাধ্যি নেই,..'
'আলফা' রিলিজের আগে থেকেই ট্রোল-কটাক্ষ ঘিরে রেখেছে আলিয়া ভাটকে। পেশিবর্জিত অ্যাকশন সিকোয়েন্সে নায়িকাকে দেখে দর্শকমহলের অনেকেই সমালোচনায় সরব হয়েছেন। শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে যশরাজ ফিল্মস-এর পয়লা নারীকেন্দ্রিক গোয়েন্দা ছবির কাস্টিং নিয়েও। একাংশের মত, ছবিতে 'সীতা'র মতো 'আলফাওম্যান'-এর চরিত্রে এক্কেবারে বেমানান আলিয়া। পরিবর্তে দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার মতো দীর্ঘাঙ্গী কাউকে কাস্ট করলে ভালো হত! আরেকাংশ আবার আলিয়ার অভিনয় দক্ষতা থেকে মারপিটের মারপ্যাঁচের কৌশলী নিয়েও কটাক্ষ, সমালোচনা শুরু করেছেন। এমন আবহে নেটভুবনে ভাইরাল আলিয়া ভাটের নাম করে এক ইনস্টা স্টোরি পোস্ট। যার ছত্রে ছত্রে রীতিমতো বোমা ফাটানো হয়েছে! পোস্টে উল্লেখ, "আমার সিনেমাকে ফ্লপ বলে কাটাছেঁড়া করার তোমরা কে? আমি তো কিছু না করেও টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারব, কিন্তু তোমাদের কী হবে? এবার তো 'তুম্বড় ২'তেও অভিনয়ের সুযোগ পেয়ে গেলাম, তোমরা কী পেলে? একজন মহিলার সাফল্য আপনাদের সহ্য হয় না, তাই না? আমার মাথায় করণ জোহরের হাত রয়েছে। কারও বাপের সাধ্যি নেই, আমার ক্ষতি করার।" এহেন পোস্ট ভাইরাল হতেই গেল গেল রব!
'আলফা' অ্যাকশনে অগ্নিপরীক্ষা আলিয়ার!
আলিয়া ভাটের নাম করা ওই পোস্ট বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে বললেও অত্যুক্তি হয় না। একাংশের মত, বেধড়ক কটাক্ষের মুখে পড়েই সম্ভবত মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য করেছেন অভিনেত্রী। তবে ওই পোস্ট আতশকাচে রেখে আলিয়া অনুরাগীদের দাবি, এধরণের কোনও পোস্ট বা ইনস্টা স্টোরি তিনি ভাগ করে নেননি। দাবানল গতিতে ছড়িয়ে পড়া এহেন বিস্ফোরক পোস্ট আদতে ভুয়ো। একাধিক বলিউড সংবাদ মাধ্যমের দাবি, বর্তমানে আলিয়া ভাট 'নেতিবাচকভাবে লাইমলাইটে' থাকতে এতটাই পছন্দ করেন যে, প্রযুক্তির কারসাজিতে কেউ রসিকতা করে তাঁর নামেই এহেন ভুয়ো পোস্ট করে ছড়িয়ে দিয়েছেন।
আলিয়া ভাটের নাম করে ভাইরাল ভুয়ো পোস্ট
