বলিউড তারকাদের অনেকেই বর্তমানে দক্ষিণী সিনেদুনিয়ার দিকে ঝুঁকছেন। কারণ বক্স অফিসের অঙ্কে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনায় দক্ষিণী সিনেমার বাজার অনেকটাই এগিয়ে। উপরন্তু আন্তর্জাতিক শোবিজে মেগাবাজেট দক্ষিণী ছবির কদরও বেশি। দুই সিনেইন্ডাস্ট্রির পারিশ্রমিকেও বেশ তারতম্য রয়েছে। এবার খবর, 'কল্কি'র মতো সিক্যুয়েলের জন্য 'সিনিয়র' অমিতাভ বচ্চনকে দশ গোল দিয়ে চড়া পারিশ্রমিক হাঁকিয়েছেন কমল হাসান।
'কল্কি ২'র শুটিংয়ে অমিতাভ বচ্চন, কমল হাসান। ছবি- সংগৃহীত
গোটা পঁচিশ সাল জুড়ে 'কল্কি ২' নিয়ে বলিউড বনাম দক্ষিণের দড়ি টানাটানি হয়েছে, বললেও অত্যুক্তি হয় না! সিনেমার কাস্টিং নিয়ে কম জলঘোলা হয়নি। কখনও কারি কারি পারিশ্রমিক হাঁকানো দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছেন দক্ষিণী সিনেনির্মাতারা, তো কখনও বা আবার প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের প্রস্তাব নাকচের গুঞ্জনে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে 'কল্কি'র সিক্যুয়েল। তবে যাবতীয় বিতর্ক সরিয়ে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হায়দরাবাদে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বীন। সেট থেকে ছবি শেয়ার করে সেখবর ভাগ করে নিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। উল্লেখ্য, এই সিনেমার সুবাদেই চার দশক বাদে শুটিংয়ে মুখোমুখি হন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। বলিউড এবং দক্ষিণী সিনেপাড়ার দুই মেগাস্টার যখন একফ্রেমে, তখন সেই ছবি নিয়ে যে দর্শকমহলে নানা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। 'কল্কি ২'-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে, সিনেদুনিয়ার চর্চায় মেগাবাজেট ছবির তারকাদের পারিশ্রমিক। সেই প্রেক্ষিতেই জানা গেল, সুপ্রিম ইয়াসকিনের ভূমিকায় অভিনয়ের জন্য কমল হাসান নাকি রেকর্ড হারে গগনচুম্বী পারিশ্রমিক হাঁকান।
"কমল হাসান স্যর আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি। চব্বিশ সালে 'কল্কি ২৮৯৮ এডি'তে মাত্র ১০ দিনের শুটিংয়ের জন্য দেড়শো কোটি টাকা নিয়েছিলেন তিনি। সেইজন্যেই ওঁর জন্মদিনে আমি রসিকতা করে বলেছিলাম, ভারতের সবথেকে ধনী অভিনেতা কমল হাসান। যিনি ১ দিনে শুটিংয়ের জন্য ১ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।..."
‘কল্কি ২’র শুটিংয়ে অমিতাভ বচ্চন, কমল হাসান। ছবি- সংগৃহীত
বছর দুয়েক বাদে সেখবর ফাঁস করলেন দক্ষিণী পরিচালক-অভিনেতা যুগী সেতু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, "কমল হাসান স্যর আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি। চব্বিশ সালে 'কল্কি ২৮৯৮ এডি'তে মাত্র ১০ দিনের শুটিংয়ের জন্য দেড়শো কোটি টাকা নিয়েছিলেন তিনি। সেইজন্যেই ওঁর জন্মদিনে আমি রসিকতা করে বলেছিলাম, ভারতের সবথেকে ধনী অভিনেতা কমল হাসান। যিনি ১ দিনে শুটিংয়ের জন্য ১ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।" যুগী সেতুর সঙ্গে হাসানের প্রায় দু'দশকের বন্ধুত্ব। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পরই কৌতূহল শুরু হয়েছে, প্রথমভাগে মাত্র কয়েক মিনিটের স্ক্রিন প্রেজেন্সের জন্য যদি ১৫০ কোটি টাকা নেন, তাহলে 'কল্কি ২'-এর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কমল হাসানের পারিশ্রমিক আরও বেশি। কারণ সিক্যুয়েলে সুপ্রিম ইয়াসকিনের ভূমিকায় তাঁকে আরও বেশি করে পাওয়া যাবে। কীরকম? পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। সুপ্রিম ইয়াসকিনের (কমল হাসান) ষড়যন্ত্র থেকে কীভাবে কল্কিকে বাঁচাবেন অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)? 'কল্কি ২'তে মূলত সেই গল্পই ফুটে উঠবে। বিনোদুনিয়ায় কানাঘুষো, এবার নাকি একদিনের শুটের জন্য ১৮ কোটি টাকা নিচ্ছেন কমল। যেখানে অমিতাভের পারিশ্রমিক তুলনামূলকভাবে অনেকটাই কম। যদিও সেই অঙ্ক প্রকাশ্যে আনা হয়নি, তবে সত্যিই যদি দাক্ষিণাত্যভূমের মেগাস্টার এমন গগনচুম্বী পারিশ্রমিক নিয়ে থাকেন, তাহলে ভারতীয় সিনেদুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে রেকর্ড গড়বেন কমল হাসান।
