বিটৈাউনে যেন খুশির মরশুম। সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলি ডিভা সোনম কাপুর। দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আনন্দ ঘরনি। খুশির আমেজ জিইয়ে রেখে সুখবর দিলেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী। সোনমের পর এবার মা হতে চলেছেন করিশ্মা তান্না। সপ্তাহের প্রথম দিনই একগুচ্ছ ছবি পোস্ট করে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন সেলেব দম্পতি। কাউন্টডাউন শুরু, অগাস্টেই ভূমিষ্ঠ হবে তাঁদের প্রথম সন্তান।
তার আগে ছোট্ট জুতো, মম-ড্যাড লেখা টুপি পরে নানান ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হবু বাবা-মা বরুণ-করিশ্মা। খুশি জাহির করে যৌথ পোস্টে লিখেছেন, 'মিরাকল ঘটতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটা পাব অগাস্টে।' খুব শীঘ্রই পরিবারে নতুন সদস্যের পদধূলি পরতে চলেছে এই খবর শেয়ার করতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন যুগলে।
করিশ্মাকে শুভেচ্ছা জানিয়েছেন সহ অভিনেত্রী খুশি কাপুর। ২০১৭ সালে 'মম' ছবির সিক্যুয়েলে একসঙ্গে কাজ করেছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা খুশি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন করিশ্মা তান্না। হবু মাকে শুভেচ্ছা জানিয়েছেন বলি ডিভা দিয়া মির্জা থেকে জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহান সহ আরও অনেকেই।
উপেন প্যাটেলের সঙ্গে প্রেম ভাঙতেই বরুণকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন করিশ্মা তান্না
২০২১-এর ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বরুণের সঙ্গে বৈবাহিকবন্ধনে বাঁধা পড়েন করিশ্মা। বিয়ের পাঁচ বছর পর সন্তানসুখ পেতে অধীর আগ্রহে দিন গুনছেন দুজনেই। হিন্দি মেগা থেকে সিনেমা, সিরিজে করিশ্মার অভিনয় দর্শকমহলে প্রশংসিত। হিন্দি টেলিভিশনের মাধ্যমেই সফর শুরু করিশ্মার। ধীরে ধীরে কাজের পরিসর বৃদ্ধি হয়। সিনেমা-সিরিজে অভিনয়ের সুযোগ পান গুজরাটের কন্যা।
হনসল মেহতার 'স্কুপ' সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। রিয়্যালিটি 'বিগ বস'-এ মডেল উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিশ্মা। ২০১৬ সালে সেই প্রেম ভেঙে যায় এবং ২০২২-এ বরুণকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন করিশ্মা।
