সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার কাঠখড় পোড়ানোর পরও মুক্তি পাচ্ছে না প্রিয়াঙ্কা সরকার অভিনীত ছবি ‘অন্দরকাহিনি’। জানা গিয়েছে, পরিচালক ও প্রযোজকের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার জেরেই শুক্রবার আটকে গিয়েছে ছবির মুক্তি।
এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, সম্প্রতি ছবির প্রযোজক তরুণ রানা আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই ছবি মুক্তির দিন ঠিক করা হয়েছে। সরাসরি আঙুল তুলেছেন পরিচালক অর্ণব মিদ্যার দিকে। বলেছেন, পরিচালকের সঙ্গে তাঁর মৌখিক কথাবার্তা হয়েছে। অর্ণব যেহেতু চাকরি করেন, তাই স্বাক্ষর করতে অসুবিধে আছে জানান তিনি। ফলে লিখিত চুক্তিও হয়নি। এমনকী অভিনেতাদের সঙ্গেও প্রযোজকের পারিশ্রমিকের ব্যাপারে সরাসরি কথা হয়নি বলে জানান রানা। কারণ প্রযোজকের মতো অর্ণবের বক্তব্য ছিল, প্রযোজক গেলে বেশি টাকা চাইবেন অভিনেতারা।
অভিযোগ, এরপর ‘দাদা সাহেব ফালকে’ চলচ্চিত্র উৎসবে প্রযোজক হিসেবে অর্ণবের নাম দেখেন তিনি। অভিযোগ, জানতে চাইলে পরিচালক বলেন, ভুল হয়ে গিয়েছে। এখন ছবি মুক্তির সময়ও তাঁকে জানানো হয়নি বলে অভিযোগ রানার। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, পরিচালক অর্ণব জানিয়েছেন, তিনিও স্থগিতাদেশ হাতে পেয়েছেন।
মোট চারটে গল্পের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবি। চারটে গল্পের প্রধান চরিত্রেই প্রিয়াঙ্কা সরকার। নামও ভিন্ন- প্রিয়াঙ্কা, বুলটি, লক্ষ্মী, প্রিয়া। এই ছবি বলবে গতে বাঁধা চেনা ছকের বাইরে গিয়ে এক অন্যরকম সম্পর্কের কথা। ‘অন্দরকাহিনি’তে কখনও প্রিয়াঙ্কা কারও বোন, কারও স্ত্রী, কারও প্রেমিকা আবার কখনও বা কারও বান্ধবী। একটা নারীর জীবনের বিভিন্ন পর্যায়ে টানাপোড়েনের কাহিনি রয়েছে। প্রিয়াঙ্কা সরকার ছাড়াও ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, রাজেশ শর্মা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসব (২০১৮), লস অ্যাঞ্জেলস সিনে ফেস্ট (২০১৮), দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল (২০১৮)-সহ ৪৯টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। তার মধ্যে ৩৬ বার পুরস্কৃত হয়েছে ছবিটি।
The post প্রযোজক-পরিচালকের অন্তর্দ্বন্দ্ব, মুক্তি পাচ্ছে না ‘অন্দরকাহিনি’ appeared first on Sangbad Pratidin.
