'রামায়ণ'-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করেছেন। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছেন মদ্যপান থেকে মাংস ভক্ষণ। রামদর্শনে বিভোর রণবীরের এহেন ‘পরিবর্তন’নজর এড়ায়নি অনুরাগীদেরও। রঘুনন্দন বেশে রণবীর কাপুর ধরা দিতেই প্রশংসার জোয়ারে ভেসেছেন রণবীর কাপুর। চলতি বছরের দীপাবলিতেই বড় পর্দায় মুক্তি পাবে রণবীর কাপুরের বহু প্রতিক্ষীত ছবি 'রামায়ণ'। তার আগে রাম জন্মভূমি অযোধ্যাতেই জমি কিনলেন কাপুরনন্দন।
আলিয়া যখন কানের কার্পেটে ভারতের প্রতিনিধিত্ব করছেন তখন এদিকে সম্পত্তির পরিমান বাড়াচ্ছেন রণবীর। অযোধ্যায় ‘দ্য সরযূ’ প্রকল্পে জমি কিনেছেন জুনিয়র কাপুর। 'দ্য হাউজ অফ অভিনন্দন লোধা'র তরফে ১৪ মে জানানো হয়েছে, অযোধ্যায় ৩.৩১ কোটি টাকার ২,১৩৪ বর্গফুটের জমির মালিক হলেন রণবীর কাপুর। এর আগে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও এই প্রকল্পে জমি কিনেছেন। সেই হিসেবে রণবীর হলেন দ্বিতীয় বলিউড তারকা যিনি অযোধ্যায় প্লট কিনলেন।
রামের জন্মভূমিতেই স্বস্তি রণবীরের
রণবীরের বক্তব্য, "আমার মনে হয় অযোধ্যাই আমাকে বেছে নিয়েছে এবং আমি শুধু সেই আহ্বানে সাড়া দিয়েছি। অযোধ্যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির আঁতুড় ঘর। ‘দ্য সরযূ’-তে এই জমি আমার পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে।"
সংস্থার দাবি, ধীরে ধীরে অযোধ্যায় জমি কেনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সরযূ নদীর তীরে গড়ে ওঠা ৭৫ একরের একটি প্রিমিয়াম প্রকল্প ‘দ্য সরযূ’। যেখানে থাকবে ক্লাবহাউস, ৩৫টিরও বেশি অত্যাধুনিক লাইফস্টাইলের সুবিধা এবং পাঁচ একর জায়গা জুড়ে সম্পূর্ণ নিরামিষ একটি বিলাসবহুল হোটেল। যার পরিচালনার দায়িত্বে থাকবে 'দ্য লীলা'।
অযোধ্যায় জমি কিনলেন রণবীর
এই মর্মে রণবীরের বক্তব্য, "আমার মনে হয় অযোধ্যাই আমাকে বেছে নিয়েছে এবং আমি শুধু সেই আহ্বানে সাড়া দিয়েছি। অযোধ্যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির আঁতুড় ঘর। ‘দ্য সরযূ’-তে এই জমি আমার পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হয়েছে যা পুরোপুরি স্বচ্ছ ও সহজ।" উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই অযোধ্যায় ২.৬৭ একর জমির জন্য ৩৫ কোটি বিনিয়োগ করেছেন বিগ বি। দু'মাসের মধ্যেই অমিতাভের পথে হাঁটলেন রণবীরও।
