"এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না...", ফেব্রুয়ারি মাসের গোড়ায় পয়লা ঝলকেই হুঁশিয়ারি দেগেছিল 'হামজা আলি' ওরফে রণবীর সিং। এবার 'ধুরন্ধর ২' সিনেমার ট্রেলারে উন্মাদনার পারদ আরও উর্ধ্বমুখী হল, বললেও অত্যুক্তি হয় না। প্রথম ভাগের মতোই হাইভোল্টেজ নেপথ্য সঙ্গীতে মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপে মার্চের বক্স অফিস দখলের হুঁশিয়ারি দাগলেন পরিচালক আদিত্য ধর।
প্রতিবেশী দেশ যখন ধর্মের ঝান্ডা তুলে মানবিকতার উপর প্রশ্ন তোলে, তখন 'ঘাড় ধরে' সেদেশকে নিজের জায়গা দেখাতে ভোলে না হামজা। তুখড় স্ট্র্যাটেজি আর পাক মুলুকের মাটিতে মরণ-বাঁচন লড়াইয়ে কীভাবে টিকে থাকে সে?
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ট্রেলারে 'হামজা' রণবীর সিং। ছবি- সংগৃহীত
গত ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত 'ধুরন্ধর' নতুন বছরেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। হাজার কোটির গণ্ডি পেরিয়ে বলিউডের খান-কাপুরদের রেকর্ডও ধুলিস্যাৎ করে দিয়েছেন রণবীর সিং। এবার সিক্যুয়েলের 'হামজা'ও যে দর্শকদের জন্য বড় চমক রেখেছেন, তার আগাম আভাস ট্রেলারেই মিলল। রহমান ডাকাইতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের সিংহাসনে কে বসবে? কে-ই বা করাচির ভাগ্য নির্ধারণ করবে? সেই প্রশ্ন জিইয়ে রেখেই প্রথম পর্ব শেষ হয়েছিল। এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিক্যুয়েলে সেই গল্পই দেখাবেন আদিত্য ধর। যেখানে প্রতিশোধস্পৃহ হামজা আলিকে আরও নৃশংসভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেশী দেশ যখন ধর্মের ঝান্ডা তুলে মানবিকতার উপর প্রশ্ন তোলে, তখন 'ঘাড় ধরে' সেদেশকে নিজের জায়গা দেখাতে ভোলে না হামজা। তুখড় স্ট্র্যাটেজি আর পাক মুলুকের মাটিতে মরণ-বাঁচন লড়াইয়ে কীভাবে টিকে থাকে সে? বালোচদের অবস্থানই বা এক্ষেত্রে কী হবে? ফাঁস হবে 'ধুরন্ধর ২' ছবিতে।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ট্রেলারে 'হামজা' রণবীর সিং। ছবি- সংগৃহীত
প্রায় তিন মিনিটের ট্রেলারের শুরুতেই পাক মুলুকের এক চরিত্রকে ভারত নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। অজিত ডোভালের অবতারে শ্যেন দৃষ্টিতে কীভাবে সেই পরিস্থিতি সামাল দেন আর মাধবন, যিনি আদতে হামজা আলির কারিগর? সেই ঝলকও ফুটে উঠল ট্রেলারে। তুখর অ্যাকশন অবতারে নজর কাড়লেন রণবীর সিং। এই সিনেমার অন্যতম সারপ্রাইজ এলিমেন্ট নিঃসন্দেহে সঞ্জয় দত্ত। পুলিশ অফিসার চৌধরীর চরিত্রে প্রথমার্ধেই লাইমলাইট কেড়েছিলেন তিনি। অন্যদিকে পাল্লা দিয়ে হাড়হিম করা চরিত্রে ধরা দিলেন অর্জুন রামপাল। সবমিলিয়ে ট্রেলারেই নির্মাতাদের হুঁশিয়ারি 'ধুরন্ধর ২'ও প্রথম সিনেমার মতোই হাজার কোটির গণ্ডি পেরিয়ে বক্স অফিস কাঁপাবে। আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
