উত্তর কলকাতার এক প্রাচীন বনেদি বাড়ি। যেন বহমান সময়ের দলিল। সেই বাড়ি ঘিরেই তৈরি হয় সমস্যা। এই বনেদি বাড়ির অস্তিত্বকে টিকিয়ে রাখা নিয়েই আবর্তিত ‘রেখা’ ছবি রূপরেখা। বাড়িটির বর্ষীয়ান মালকিন রেখা। রেখার সহায়িকার দায়িত্বে বুলি। রেখা এবং বুলির জীবন যাপনের নানা কোলাজ দিয়ে তৈরি হচ্ছে পরিচালক অনুপ দাসের নতুন ছবি ‘রেখা’। শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে ছবির শুটিং। এই ছবিতে নাম ভূমিকায় মমতা শঙ্কর। বুলির চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সায়ন মুন্সি, দুলাল লাহিড়ী, পাপিয়া সেন, রিয়া সেন প্রমুখ। এই ছবির মাধ্যমে অনেকদিন পর বাংলা ছবিতে ফিরলেন রিয়া।
ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ ছবির পর আবারও এক ছবিতে ঋতুপর্ণা এবং মমতা শঙ্কর। দুজনেরই অসংখ্য পুরনো স্মৃতি ভিড় করে আসছে। সেটে দু’জন চুটিয়ে গল্পও করেছেন। কখনও বাড়ির ভিতরে আবার কখনও কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি ঘিরে জমিয়ে চলেছে শুটিং।
শুটিং সেটে ব্যস্ততা তুঙ্গে। সে এক বিশাল কর্মযজ্ঞ। শট দেওয়ার পাশাপাশি সব দিক খুঁটিয়ে খুঁটিয়ে তদারকির দায়িত্বে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবির নিবেদক যে তিনি। ঋতুপর্ণার দায়িত্ব বেড়ে গিয়েছে? উত্তরে তিনি বললেন, "আমি সিনেমা ভালোবেসে কাজ করি। সেখানে নিজের স্বার্থ, লাভ-ক্ষতি কিছুই দেখি না।" চুলে লম্বা বেণী, কপালে ছোট্ট টিপে বেশ পরিপাটি স্নিগ্ধ রূপে ধরা দেবেন ঋতুপর্ণা। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ ছবির পর আবারও এক ছবিতে ঋতুপর্ণা এবং মমতা শঙ্কর। দুজনেরই অসংখ্য পুরনো স্মৃতি ভিড় করে আসছে। সেটে দু’জন চুটিয়ে গল্পও করেছেন। কখনও বাড়ির ভিতরে আবার কখনও কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি ঘিরে জমিয়ে চলেছে শুটিং।
শুটের ফাঁকে টিম 'রেখা'। নিজস্ব চিত্র
কলকাতার প্রবীণ নাগরিকদের একাকিত্বের অসহায়তাও ফুটে উঠবে ছবিতে। মমতা শঙ্করের কথায়, "এই চরিত্রটা না করলে আমার বড় আক্ষেপ থেকে যেত। ছবি মুক্তির পরে যদি আমি ছবিটা দেখতাম এবং সেখানে আমাকে যদি এই ছবির অংশ না করা হত, তাহলে আমার মনে হত খুব বড় একটা জিনিস মিস হয়ে গেল। এই চরিত্রটা পেয়ে আমি কৃতজ্ঞ। ছবির গল্পে আরও অনেক না বলা কথা ফুটে উঠবে।" ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, "এই ধরনের বাস্তবধর্মী গল্প আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে সিনেমার থেকে ভালো মাধ্যম কিছু হতে পারে না। মমদির সঙ্গে কাজ করতে সবসময়ই ভীষণ ভালো লাগে। মমদি আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। বুলি চরিত্রের মধ্যেও অনেক শেড আছে। আশা করছি, এই ছবির গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে।" এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। জোরকদমে চলছে ছবির কাজ।
