'অপরাজিত' অনীক দত্তের (Anik Dutta) মরদেহ নন্দনে শায়িত থাকবে? মরণোত্তর এই প্রশ্নই উঠে এসেছে বারবার। ঘটনার দিন অর্থাৎ বুধবার জানা গিয়েছিল, প্রথমে পরিচালকের মরদেহ নন্দনে দু'ঘণ্টার জন্য রাখা হবে। এমনও শোনা গিয়েছিল, নন্দনের পরিবর্তে কিংবদন্তি সত্যজিৎ রায়ের বাড়ির সামনে রাখা হতে পারে অনীক দত্তের মরদেহ। ‘অপরাজিত’পরিচালক যে শয়নে-স্বপনে সত্যজিৎ যাপন করতেন, সেকথা কারও অজানা নয়। বৃহস্পতিবার রাতে লিখিত বিবৃতির মাধ্যমে অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ জানিয়ে দিলেন প্রয়াত অনীক দত্তের অন্তিমযাত্রা সূচী।
সকাল ন'টায় পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবেন। সেখান থেকে দশটায় পৌঁছে যাবেন নন্দনে। পূর্বতন সরকারের আমলে যে নন্দনে গত কয়েক বছরে ‘ব্রাত্য’ ছিলেন অনীক। তাঁর ছবিও সরকারি প্রেক্ষাগৃহে দেখানো হত না। এরপর টলিগঞ্জের এনটিওয়ান স্টুডিওতে সকাল এগারোটার সময় নিয়ে যাওয়া হবে প্রয়াত পরিচালকের দেহ। সেখান থেকে দুপুর একটায় পঞ্চভূতে বিলীন হবেন 'ভূতের ভবিষ্যৎ'-এর শ্রষ্ঠা। বৃহস্পতিবার পরিবারের তরফে অনীকের প্রাক্তন স্ত্রী ও মেয়ে রাই যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, শুক্রে সম্পন্ন হবে শেষকৃত্য।
চারতলা থেকে ফেলা হল ডামি
সেই বিবৃতি অনুযায়ী, ‘২৯ মে শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শায়িত থাকবে নিউ থিয়েটার্স ওয়ান ওরফে এনটিওয়ান স্টুডিওতে। সেখানেই পরিবারের সদস্য, প্রিয়জন, বন্ধুবান্ধব, শুভকাঙ্খীরা শেষবারের মতো অনীক দত্তকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন। যাঁরা অনীক দত্তকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন তাঁরা ওঁর শেষযাত্রায় সঙ্গে থাকবেন।’ ২৮ মে লিখিত বার্তায় প্রয়াত পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ে ফিরবেন। তাঁর ইচ্ছা অনুসারেই শুক্রবার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। গতকালই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। চারতলা থেকে ফেলা হয়েছে পাশবালিশের ডামি। তদন্ত যে অত্যন্ত দ্রুত গতিতে এগচ্ছে তা বললে অত্যুক্তি হবে না।
শুক্রে শেষকৃত্য
শোকের আবহে অনীক দত্তর রহস্যমৃত্যু ঘিরে মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন! তাঁর গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই প্রেক্ষিতেই অনীকের রহস্যমৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। আবাসনের ছাদ থেকেই উদ্ধার হয় পরিচালকের লেখা সুইসাইড নোট। যেটা ‘কোরিওগ্রাফিক আর্ট ম্যাগাজিন ২০০৮’- নামে একটি বইয়ের মধ্যে খামে ভরা ছিল। পুলিশের তরফে জানা গিয়েছে, যে চিঠি উদ্ধার করা হয়েছে সেটা মেয়ে ঐশী দত্তকে উদ্দেশ্য করে লিখে গিয়েছেন পরিচালক। যদিও সেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দোষারোপ করেননি অনীক দত্ত। নোটে উল্লেখ, “এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।”
