সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে চাক্ষুষ করতে পারবেন দর্শক? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু’-তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই। 'প্রিন্স অফ ক্যালকাটা'র ভূমিকায় সদ্য পয়লা এপ্রিল কলকাতায় শুটিং শুরু করেছেন রাজকুমার রাও। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখা যাবে? সেই কৌতূহল এখনও জিইয়ে রেখেছেন নির্মাতারা। যদিও প্রাথমিকভাবে সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায়ের পছন্দমাফিক তৃপ্তি দিমরির নাম শোনা গিয়েছিল, তবে এবার সিনেইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে জব্বর খবর!
কানাঘুষো, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য বলিউডেরই বর্তমান প্রজন্মের এক অভিনেত্রীকে নির্বাচন করা হয়েছে লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থার তরফে। কে তিনি? কৌতূহল অস্বাভাবিক নয়। কারণ ডোনার ভূমিকায় অভিনয়ের জন্য সেই অভিনেত্রীকে নাচেও পারদর্শী হতে হবে। খবর, মহারাজের বায়োপিকে সৌরভপত্নীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন সানিয়া মালহোত্রা। যদিও আনুষ্ঠানিকভাবে সানিয়ার নাম ঘোষণা হয়নি, তবে এই জল্পনা কিন্তু নস্যাৎ করে দেওয়ার মতো নয়। কারণ সানিয়া মালহোত্রা নিজেও দারুণ নাচ করেন। নায়িকার সোশাল মিডিয়ায় উঁকি দিলেই তাঁর নাচ-প্রীতির ঝলক পাওয়া যাবে।
সৌরভের বায়োপিকের শুটিং শুরু করলেন রাজকুমার। ছবি- ইনস্টাগ্রাম
পঁচিশ সালে সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে এসেছিল। আসলে সেসময়ে কলকাতায় পা রেখেছিলেন মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। আর তাতেই এহেন গুঞ্জনের পালে হাওয়া লাগে। কিন্তু শেষমেশ সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখে নাকি ডোনার ভূমিকায় সানিয়া মালহোত্রাকেই চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, পঁচিশ সালে সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে এসেছিল। আসলে সেসময়ে কলকাতায় পা রেখেছিলেন মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। আর তাতেই এহেন গুঞ্জনের পালে হাওয়া লাগে। কিন্তু শেষমেশ সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখে নাকি ডোনার ভূমিকায় সানিয়া মালহোত্রাকেই চূড়ান্ত করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। জল্পনা সত্যি হলে, রাজকুমারের বিপরীতে এইপ্রথমবার অভিনয় করবেন সানিয়া।
পয়লা এপ্রিল শুট শুরু করে ইডেন থেকে সোশাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছিলেন রাজকুমার রাও। ক্যাপশনে লিখেছিলেন‘একমেবাদ্বিতীয়ম দাদা বায়োপিকের শুটিং শুরু হল।’ সেই পোস্টেই ক্ল্যাপস্টিকে জ্বলজ্বল করছিল সিনেমার নাম। লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই সম্ভবত বায়োপিকের এহেন নামকরণ।
