সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় এখন অ্যানিমেটেড ছবির রমরমা। দর্শকও এমন নতুনভাবে ছবি দেখার সুযোগে বেশ খুশি। আর তাই দর্শকের পছন্দের কথা মাথায় রেখে সেই ধাঁচের ছবি নিয়ে আসছেন পরিচালক ও প্রযোজকেরা। বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল 'মহাবতার নরসিমা'। এই ছবি ভারতীয় বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক পৌরাণিক ছবি আসতে চলেছে দর্শকের দরবারে। নাগা বংশীর প্রযোজনায় হনুমানকে নিয়ে আসছে নতুন ছবি 'বায়ুপুত্র'।
চান্ডু মন্ডেটির পরিচালনায় 'বায়ুপুত্র' ছবিতে ফের একবার দর্শক দেখতে পাবেন এই ছবিতে থ্রিডি অ্যানিমেশনের নানা কাজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্ট লুক পোস্টার। সেখানেই খানিক বোঝা যাচ্ছে ঠিক কতটা থ্রিডি অ্যানিমেশনের ব্যবহার হয়েছে এই ছবিতে। উল্লেখ্য, 'বায়ুপুত্র' নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রযোজক নাগা বংশী বলেছেন, "ভারতের এ এক অমর কাহিনী যার সাক্ষী থাকবে আরও একবার সারা দুনিয়া 'বায়ুপুত্র' ছবির মাধ্যমে। এভাবে হনুমানকে কেউ কখনও কোনওভাবে জানতে পারেনি। বিগত বেশ অনেক বছর ধরেই আমি এবং আমার পরিচালক এই ছবি নিয়ে বহু পরীক্ষা চালাচ্ছি। এবার এই ছবি নিয়ে আমরা কয়েক পদক্ষেপ এগিয়েছি। এই ছবি নতুন প্রজন্মকে অনেক কিছু শেখাবে। আগামী বছর দশেরার সময় মুক্তি পাবে। তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষায় এই ছবি দেখতে পাবেন দর্শক।"
উল্লেখ্য, জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত 'মহাবতার নরসিমা' এই ঘরানার ছবিকে এক অন্য দিশা দেখিয়েছে বলা যায়। বিশ্বব্যপী বক্স অফিসে প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছিল। এবং এই বছর ভারতীয় ছবির জগতে এটিই এখনও সর্বোচ্চ ব্যবসা করা ছবি বলেই জানাচ্ছেন বিশ্লেষকেরা।
