বয়স ৫০ পেরিয়েছে। কিন্তু বয়স নিছকই একটা সংখ্যা মাত্র, তা প্রমাণ করলেন। মাঠে নেমে বল হাতে ইতিহাস গড়লেন আইল অফ ম্যানের জোয়ান হিক্স। গ্রিসের বিরুদ্ধে মহিলাদের কন্টিনেন্টাল কাপের ম্যাচে তাঁর দুরন্ত বোলিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটমহলে।
গ্রুপ বি-র ম্যাচে গ্রিসকে মাত্র ৫২ রানে গুটিয়ে দেয় আইল অফ ম্যান। মাত্র ১৫ ওভারেই শেষ হয়ে যায় গ্রিসের ইনিংস। আর সেই ধ্বংসযজ্ঞের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল ৫১ বছর বয়সি হিক্সের। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি। এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন হিক্স। শুধু তাই নয়, ৫০ বছর বয়স পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটারও হলেন তিনি।
এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার পেসার বার্ট আইরনমঙ্গারের দখলে। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৫ উইকেট নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৯ বছর ৩১৪ দিন। সেই নজিরই ভেঙে দিলেন হিক্স। মধ্যবয়সি এই ক্রিকেটারের উইকেট নেওয়া শুরু হয় ম্যাচের নবম ওভারে। চার রান করা লিডিয়া কাটসিমারিকে বোল্ড করেন তিনি। পরের ওভারে দ্বিতীয় বলেই সোফিয়া-নেফেলি জর্জোটাকে এলবিডব্লিউ করে ফেরান।
তৃতীয় ওভারে আসে আরও গুরুত্বপূর্ণ উইকেট। গ্রিসের ইনিংসে সর্বোচ্চ রান করা অ্যাঞ্জেলিকি-ইওয়ানা আরগিরোপৌলুকে ১৭ রানে বোল্ড করেন। শেষ ওভারে তখন তাঁর প্রয়োজন আরও দু'টি উইকেট। দ্বিতীয় বলেই থিওডোরা পারিসি-মেসিমেরিকে বোল্ড করেন। আর শেষ বলে আলেকসান্দ্রা কুরকৌলুকে বোল্ড করেই পূর্ণ করেন ঐতিহাসিক পাঁচ উইকেট। পঞ্চাশ পেরিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির কিন্তু বিরল।
