shono
Advertisement

কোহলির চওড়া ব্যাটেও অধরা হোয়াইটওয়াশের স্বপ্ন, নিয়মরক্ষার ম্যাচে জয়ী অস্ট্রেলিয়া

কোহলি ছাড়া এদিন ব্যর্থ প্রায় সব ব্যাটসম্যানই।
Posted: 05:24 PM Dec 08, 2020Updated: 05:43 PM Dec 08, 2020

অস্ট্রেলিয়া: ১৮৬/৫ (ওয়েড-৮০, ম্যাক্সওয়েল-৫৪, ওয়াশিংটন-৩৪/২)
ভারত: ১৭৪/৭ (ধাওয়ান-২৮ কোহলি-৮৫, সোয়েপসন- ২৩/৩)
১২ রানে জয়ী অস্ট্রেলিয়া

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ ওভারে যখন জয়ের জন্য ৪৪ রানের প্রয়োজন, ভারতীয় সমর্থকদের তখনও মনে হয়েছিল কোহলি-পাণ্ডিয়া জুটি তো আছে, ঠিক ম্যাচ বেরিয়ে যাবে। গত ম্যাচের মতোই ঘটে যাবে কোনও মিরাকল। ঠিক চোখ ধাঁধানো একটা ইনিংস খেলে দেবেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু অ্যাডাম জ্যাম্পা পাণ্ডিয়ার উইকেট তুলে নিতেই টার্গেটে পৌঁছনোটা কঠিন হয়ে পড়ল। আর সেই সঙ্গে অসম্পূর্ণ থেকে গেল ডনের দেশে অজি বাহিনীকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন।

নিয়মরক্ষার ম্যাচ। তাই প্রথম একাদশের অনেক ক্রিকেটারদেরই বিশ্রামে পাঠিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)। খেলেননি বুমরাহ। জাদেজা বসে যাওয়ায় দলে জায়গা পান সঞ্জু স্যামসন। কিন্তু এই তরুণ ব্রিগেডের বিরুদ্ধেও কষ্টার্জিত জয় আদায় করে নিতে হল অস্ট্রেলিয়াকে। গত ম্যাচে ধাওয়ানের পাশাপাশি হার্দিকের অসাধারণ ব্যাটিংয়ে ভর করেই সিরিজ পকেটে পুরেছিল ভারত। তবে এদিন ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। মঙ্গলবারের সিডনিতে অনবদ্য ইনিংস খেললেন কোহলি। যদিও শেষমেশ তা কাজে এল না। 

[আরও পড়ুন: ৯ জানুয়ারি যুবভারতীতে ফিরছে ফুটবল, দেখে নিন আই লিগের ঘোষিত সূচি]

তবে এদিন টসে জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা মন্দ করেনি ভারত। ফিঞ্চ ও স্মিথের মতো অতি গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে অজি টপ অর্ডারে শুরুতেই ধাক্কা দেন ওয়াশিংটন। তবে ওয়েডের ৮০ রানের সৌজন্যেই ফের ভারতের সামনে বিরাট টার্গেট তৈরি করে অস্ট্রেলিয়া (Australia)। দুর্দান্ত খেলেন ম্যাক্সওয়েলও। আর মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়ে যান সোয়েপসন।

ম্যাচ হেরে ওপেনারদেরই কাঠগড়ায় তুললেন কোহলি। বলেন, ওপেনিং জুটি যদি আরও খানিকটা রান করতে পারত, তাহলে হার্দিক যখন নামলেন, তখন আরও চাপমুক্ত হয়ে খেলতে পারতেন। একইসঙ্গে মেনে নেন, শেষ কয়েকটা ওভারে খারাপ ব্যাটিংয়ের জন্যই রান রেট কমে গিয়েছিল। ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি জয়ী ভারত। এবার পালা টেস্টের। পাঁচদিনের ক্রিকেটের প্র্যাকটিস ম্যাচ ড্র হওয়ায় দুই দল একে অপরকে কড়া টক্কর দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।   

[আরও পড়ুন: মরশুমের প্রথম হারে হতাশ এটিকে মোহনবাগান কোচ হাবাস, কাঠগড়ায় তুললেন রক্ষণকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার