কিছুদিন আগেই যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ক্লাসে দেখা গিয়েছিল ঋষভ পন্থকে। এবার আইপিএলের মাঝেই সেই পন্থ 'গুরুদক্ষিণা' হিসাবে উপহার দিলেন যুবিকে। জন্মদিনের উপহার পেয়ে আনন্দে ডগমগ যুবরাজ। বিশেষ পোস্টও করলেন। কিন্তু অন্যান্য ‘শিষ্য’দের কটাক্ষ করতে ছাড়েননি বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার।
প্রশ্ন হল, লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঠিক কী উপহার দিয়েছেন যুবরাজ সিংকে? এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যুবি নিজেই। সেখানে তিনি দেখান, পন্থ তাঁকে একটি প্রিমিয়াম গলফ ক্লাব (গলফ ব্যাট) উপহার দিয়েছেন, যা বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ডের তৈরি। যার দাম ২২ লক্ষ টাকা। উপহারের সঙ্গে থাকা একটি পন্থের মেসেজও দেখান যুবরাজ। যেখানে লেখা ছিল, 'প্রিয় যুবি পাজি, আপনার সাহায্য ও পরামর্শের জন্য ধন্যবাদ। গলফ কোর্সে দেখা হবে।' বিশেষ এই উপহার নিয়েই সোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
এই আবেগঘন বার্তার পরই যুবরাজ সিং তাঁর স্বভাবসিদ্ধ রসিকতার ভঙ্গিতে হালকা ঠাট্টা করেন। তিনি তাঁর ছাত্রদের নাম ট্যাগ করেন। তরুণ ক্রিকেটারদের সেই তালিকায় ছিল অভিষেক শর্মা, শুভমান গিল, প্রভসিমরন সিং, নমন ধীর, আবদুল সামাদ ও প্রিয়াংশ আর্যর নাম। মজার ছলে লেখেন, 'তোমাদের লজ্জা হওয়া উচিত।' অর্থাৎ, পন্থ যেভাবে উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেই একই রকম মনোভাব শুভমানদেরও দেখানো উচিত ছিল বলে ইঙ্গিত দেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন যুবরাজ সিং। বর্তমানে তিনি তরুণ প্রজন্মের একাধিক প্রতিভাবান ব্যাটারকে গড়ে তোলার কাজে মেন্টরের ভূমিকায় দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। শুভমন গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো একাধিক তরুণ ক্রিকেটার তাঁর তত্ত্বাবধানে প্রশিক্ষণ পেয়েছেন। পাশাপাশি সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গেও কাজ করেছেন তিনি। তাঁর এই প্রশিক্ষণের প্রভাব এখন জাতীয় দলে প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ভারতের টি-টোয়েন্টি দলে অপরিহার্য হয়ে উঠেছেন। টিম ইন্ডিয়ার সাম্প্রতিক সাফল্য ও শিরোপা জয়ের ক্ষেত্রেও তাঁদের বড় ভূমিকা রয়েছে।
যদিও চলতি আইপিএলে পন্থের পারফরম্যান্স এখনও পর্যন্ত হতাশাজনক। ৯ ম্যাচে করেছেন ২০৪ রান। গড় ২৫.৫। স্ট্রাইক রেট ১২৮.৩০। এরমধ্যে একটিই মাত্র হাফসেঞ্চুরি। তাঁর নেতৃত্বে এলএসজি-ও ধারাবাহিকতা খুঁজে পায়নি। ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে তারা। তবে এখনও পাঁচটি ম্যাচ বাকি থাকায় কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে লখনউয়ের সামনে। ৭ মে একানা স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। পন্থের দল ফর্মে না থাকলেও যুবরাজকে দেওয়া তাঁর 'গুরুদক্ষিণা' নিয়ে নেটপাড়ায় চর্চা অব্যাহত।
