shono
Advertisement
IND vs SL

দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?

আকাশের যা অবস্থা, তাতে পরের দিনগুলোতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কি না, সেটা চিন্তার।
Published By: Arpan DasPosted: 06:06 PM Aug 16, 2026Updated: 06:10 PM Aug 16, 2026

ভারত (প্রথম ইনিংস): ৪৬০/৯ (পাড়িক্কল ১৬৭, রাহুল ৮২, প্রভাত জয়সূর্য ১০৯/৪)

Advertisement

গল টেস্টের দ্বিতীয় দিনেই দাপট বজায় রইল ভারতের। শ্রীলঙ্কার বোলাররা চেষ্টা চালিয়ে গেলেন ঠিকই। তবে টিম ইন্ডিয়াকে রানের পাহাড়ে ওঠা আটকাতে পারলেন না। যার নেপথ্যে দেবদত্ত পাড়িক্কলের 'ড্যাডি হান্ড্রেড', কেএল রাহুল ও ধ্রুব জুরেলের হাফসেঞ্চুরি। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৯ উইকেট হারিয়ে ৪৬০। কিন্তু দ্বিতীয় দিনে কেন ডিক্লেয়ার নয়? প্রশ্ন থেকেই যাচ্ছে। তৃতীয় দিনে যত তাড়াতাড়ি বড় রান তুলে শ্রীলঙ্কাকে অলআউট করার দিকে ঝুঁকবেন শুভমান গিলরা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। শুরুটা ভালোই করেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। তবে ৩২ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় যশস্বীকে। এরপরেই রাহুলের সঙ্গে ১৫০ রানের জুটি গড়েন দেবদত্ত। তিন নম্বরে কে খেলবেন, সেই প্রশ্নের উত্তরও সম্ভবত এই টেস্টে পেয়ে গেল ভারত। সাই সুদর্শন চোটের জন্য ছিটকে যাওয়ায় দেবদত্ত সুযোগ পান। প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। দ্বিতীয় দিন তুলনায় আক্রমণাত্মক ব্যাটিং করেন। কারণ সকালের দিকে প্রায় দু'টো সেশন বৃষ্টিতে নষ্ট হয়েছে। শেষমেশ ১৬৭ রানে স্টাম্প হয়ে প্যাভিলিয়নে ফেরেন দেবদত্ত। তাঁর ইনিংস সাজানো ১৫টি চার, ১টি ছক্কা দিয়ে।

প্রথম দিন চোটের জন্য রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রাহুল। এদিন ফিরলেন ঠিকই, তবে খুব বেশি রান জুড়তে পারেননি। ৮২ রানে আউট হন। ঋষভ পন্থও (৩৯) ফের আকাশে বল তুলে উইকেট ছুড়ে দিয়ে এলেন। রান পাননি রবীন্দ্র জাদেজাও (১৩)। তবে কর্তব্যে অবিচল ধ্রুব জুরেল। সরফরাজ খান দলে ঢোকায় জুরেলকে ৬ নম্বরে খেলানো হবে কি না, সেই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। তবে জুরেলের ধারাবাহিকতায় গম্ভীর ভরসা রেখেছেন। সেটার প্রতিদানও দিচ্ছেন তরুণ ব্যাটার। এদিনও রানের গতি বজায় রেখে ৬৮ বলে ৫১ রান করেন। চারটে চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকান। অন্যদিকে আফগানিস্তানের পর শ্রীলঙ্কাতেও ভালো পারফর্ম করছেন মানব সুথার। যাঁকে রবীন্দ্র জাদেজার বিকল্প বলে ধরা হচ্ছে। শেষের দিকে তিনিও ২৪ রান জোড়েন। অন্যদিকে প্রভাত জয়সূর্য ১০৯ রান দিয়ে ৪ উইকেট তোলেন। 

ভারতের রান ৪৬০। একটা প্রশ্ন উঠতে পারে, দ্বিতীয় দিনেই কি ডিক্লেয়ার দেওয়া যেত না? তাহলে শেষবেলায় শ্রীলঙ্কা ব্যাটারদের প্যাঁচে ফেলা যেত। কারণ আকাশের যা অবস্থা, তাতে পরের দিনগুলোতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কি না, সেটা চিন্তার। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভেসে থাকতে হলে, জেতা ছাড়া কোনও গতি নেই ভারতের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement