সিনিয়র টিম হোক কিংবা মহিলাদের ম্যাচ। সাম্প্রতিক অতীতে ভারত বনাম পাকিস্তান ক্রিকেটীয় যুদ্ধ সবসময় উত্তাপ ছড়িয়ে এসেছে। গত এক দেড় বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদবরা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবারও উত্তাপের আবহে আরও এক বিশ্বকাপ যুদ্ধে নামছে ভারত-পাকিস্তান। বুলাওয়াতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে রবিবার ভারত-পাক লড়াই।
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তান গত কয়েক দিন যেরকম নাটক করে চলেছে, সেটাই পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে। বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে পাকিস্তান বোর্ড বিশ্বকাপ বয়কটের হুমকি দিতে শুরু করেছে। এই আবহে ভারত বনাম পাকিস্তান ক্রিকেটীয় যুদ্ধ যে উত্তাপ ছড়াবে, সেটা বলে দেওয়াই যায়। তা সে যতই ছোটদের বিশ্বকাপ হোক না কেন!
এখনও পর্যন্ত টুর্নামেন্টে ভারতকে অপ্রতিরোধ্য দেখিয়েছে। গ্রুপ পর্ব থেকেই দাপুটে ক্রিকেট খেলছে আয়ুষ মাত্রের টিম। তবে এই ম্যাচটার গুরুত্ব কতখানি, তা ভারতীয় ক্রিকেটাররা খুব ভালো করেই জানেন। সেমিফাইনালের যাওয়ার ব্যাপারে অবশ্য পাকিস্তানের থেকে অনেকটা সুবিধেজনক জায়গায় রয়েছে ভারত। কুৎসিতভাবে না হারলে বৈভব সূর্যবংশীদের শেষ চারে যাওয়া আটকাবে না। তবে ওসব নিয়ে ভারতীয় টিমের কেউ ভাবছেন না। বরং সবার লক্ষ্য একটাই। পাকিস্তানকে হারিয়ে বদলা। সেই সঙ্গে অনায়াসে সেমিফাইনালে যাওয়া।
গত বছর ডিসেম্বের পাকিস্তানের কাছেই এশিয়া কাপ ফাইনালে চূর্ণ হয়েছিল ভারতের অনূর্ধ্ব উনিশ টিম। গ্রুপ পর্বে অবশ্য ভারত জিতেছিল। কিন্তু ফাইনাল হারের ক্ষতটা এখনও দগদগে মাত্রেদের কাছে। কেবল ফাইনাল হারাই নয়, যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বৈভবকে বিদ্রুপ করে পাকিস্তানের ক্রিকেটাররা। এবার বিশ্বকাপে 'চিরশত্রু'-কে হারিয়ে সেই হারের, সেই অপমানের জ্বালা জুড়োতে চায় ভারত।
