টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে চলেছে এটি। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ট্রফিজয়ের লক্ষ্যে নামবে ২০টি দেশ। আর আগে আর কোনও আইসিসি টুর্নামেন্টে এত দেশ খেলেনি। অথচ এ হেন টুর্নামেন্টকে আসল বিশ্বকাপের সমান মর্যাদা দিতে নারাজ প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, টি-২০ বিশ্বকাপ কোনওভাবেই আসল বিশ্বকাপ নয়।
সোশাল মিডিয়ায় দিন দুই আগে সঞ্জয় মঞ্জরেকর একটি পোস্ট করেছিলেন। তাঁর বক্তব্য, টি-২০ বিশ্বকাপ প্রতি দু'বছর অন্তর অন্তর হচ্ছে। সেটাকে কোনওভাবেই ৫০ ওভারের বিশ্বকাপের সমান মর্যাদা দেওয়া যাবে না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন, "আমার কাছে আসল বিশ্বকাপ ওই ৫০ ওভারেরটাই। আমি বরং টি-২০ বিশ্বকাপকে ওটার আসল নামেই ডাকতে পছন্দ করি। সেটা হল ওয়ার্ল্ড টি-২০।"
মঞ্জরেকরের এই পোস্ট নিয়ে সোশাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এমনিতে প্রাক্তন ক্রিকেটার বেশ বিতর্কিত। মাঝে মাঝেই আলটপকা মন্তব্য করে শিরোনামে চলে আসেন তিনি। যদিও এবার মঞ্জরেকরের সঙ্গে নেটিজেনদের একটা বড় অংশ একমত। অনেকেরই মনে হচ্ছে সত্যিই প্রতি দু'বছর অন্তর হওয়া একটি টুর্নামেন্ট বিশ্বকাপের মর্যাদা পেতে পারে না। তবে একই সঙ্গে এটাও ঠিক যে টি-২০ ফরম্যাট ক্রিকেটকে অনেক বেশি জনপ্রিয় করেছে। ক্রিকেটকে অনেক বেশি ছড়িয়ে দিয়েছে। নেটিজেনদের একাংশ সেই দাবিও করছেন। তাঁদের মতে, টি-২০ বিশ্বকাপের জনপ্রিয়তা অনেক বেশি।
উল্লেখ্য, এ পর্যন্ত গোটা ন'য়েক টি-২০ বিশ্বকাপ হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দু'বার এই বিশ্বকাপ জিতেছে। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাও।
