ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট। এবার পাক স্পিনার উসমান তারিকের অ্যাকশন নিয়ে। অভিযোগ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় আইসিসির নির্ধারিত ১৫ ডিগ্রির মাত্রা অতিক্রম করেছেন ওই পাক স্পিনার। মাঠেই ক্ষোভপ্রকাশ অজি অলরাউন্ডের ক্যামেরন গ্রিনের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নেমেছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৯৮ রান তোলে। অধিনায়ক সলমন আলি আঘা করেন ৭৬ রান। অর্ধশতরান করেন উসমান তারিকও। সেই রান তাড়া করতে নেমে আবরার আহমেদ, শাদাব খানদের ঘূর্ণিতে মাত্র ১০৮ রানে গুঁটিয়ে যায় অজিরা। ৯০ রানের জয়ে ৭ বছর পর সিরিজ জেতে পাকিস্তান।
কিন্তু সেই জয় বিতর্ক বিদ্ধ। আগেও পাকিস্তানের স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক হয়েছিল। আবারও সৃষ্টি হল বিতর্ক। ক্যামেরন গ্রিনকে তিনি আউট করার পরেই সেই ডেলিভারির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি গ্রিনকেও ড্রেসিংরুমে যাওয়ার সময়ে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে। শনিবার ম্যাচের ২.৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন তারিক। ১১তম ওভারে তারিকের করা পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন গ্রিন। কিন্তু সেই আউট হওয়াটা মেনে নিতে পারেননি অজি অলরাউন্ডার। বোঝাই যাচ্ছিল তিনি উসমানের অ্যাকশনে বিভ্রান্ত হয়েছেন। ২০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়ার সময় সেই বোলিং অ্যাকশন অনুকরণ করে দেখাতে থাকেন গ্রিন। এমনকী ডাগ আউটে বসেও কোচদের সামনে সেই অ্যাকশন নকল করতে থাকেন তিনি। গ্রিন যে চাকিংয়ের অভিযোগ করছেন সেটা স্পষ্ট। যদিও অন ফিল্ড আম্পায়ার বা অজি ক্রিকেটাররা সরকারিভাবে অভিযোগ তোলেননি। ফলে তারিকের বল করতে অসুবিধা হয়নি।
এর আগেও সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য দুবার অভিযুক্ত হয়েছিলেন উসমান তারিক। পিএসএল চলাকালীন অ্যাকশনের পরীক্ষাও দিতে হয় তাঁকে। তাতে তিনি উত্তীর্ণ হন। তবে শনিবারের ম্যাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বলছেন, এটা স্পষ্ট চাকিং। তিনি স্পিনারদের জন্য আইসিসির নির্ধারণ করা ১৫ ডিগ্রির মাত্রা অতিক্রম করেছেন। ওই পাক স্পিনারকে নিষিদ্ধ করা উচিত।
