shono
Advertisement
India W vs Aus W

টি-২০ বিশ্বকাপের আগেই অজি-বধ! স্মৃতি-শ্রেয়াঙ্কাদের দাপটে সিরিজ জয়ী ভারত

জুন মাসে রয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া সফর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে উইমেন ইন ব্লু।
Published By: Prasenjit DuttaPosted: 06:07 PM Feb 21, 2026Updated: 08:36 AM Feb 22, 2026

তাঁর নেতৃত্বে প্রথমবার মহিলা বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত। এবার তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ায় গিয়ে খাস অস্ট্রেলিয়াকেই সিরিজ হারাল উইমেন্স ইন ব্লু। বলা হচ্ছে হরমনপ্রীত কৌরের কথা। যিনি আবার গত ম্যাচেই মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়েছিলেন। তাঁর হাতে এবার অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর খেতাব। বলা চলে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্সিজেন পেল ভারতীয় প্রমীলা ব্রিগেড। 

Advertisement

জুন মাসে রয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া সফর থেকেই সেই মেগা আসরের প্রস্তুতি নিচ্ছে উইমেন ইন ব্লু। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে নিয়েছেন স্মৃতি মন্ধানারা। বৃহস্পতিবার ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে অবশ্য হেরে যান ভারতের মেয়েরা। শনিবারের 'ফাইনালে' টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হ্যারি। শুরুতে শেফালি বর্মার (৭) উইকেট খোয়ালেও ঝোড়ো ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা। তাঁকে সঙ্গ দেন 'প্রিয় বন্ধু' জেমাইমা রডরিগেজ।

স্মৃতি-জেমির জুটিতে ওঠে ১২১ রান। ৫৫ বলে ৮২ করে সাজঘরে ফেরেন স্মৃতি। তাঁর ইনিংসটি সাজানো ৮টা চার, ৩টি ছক্কায়। তাছাড়াও ভারতীয় ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের নজির গড়েন তিনি। অন্যদিকে, জেমাইমা ফেরেন ৪৬ বলে ৫৯ রানে। এরপর ৭ বলে ১৮ রানের সংক্ষিপ্ত অথচ ঝোড়ো ব্যাটিং করে আউট হন রিচা ঘোষ। এরপর অবশ্য হুড়মুড়িয়ে উইকেট পড়ে। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিংদের দাপটে থরহরিকম্পমান অবস্থা হয় অজি দলের। অ্যাশলি গার্ডনার (৫৭) ছাড়া আর কোনও ব্যাটার ভারতীয় বোলারদের সামনে রুখে দাঁড়াতে পারেননি। শ্রেয়াঙ্কা নেন ২২ রানে ৩ উইকেট। দক্ষিণী স্পিনারের শ্রী চরণীরও শিকার ৩ উইকেট। অরুন্ধতী রেড্ডি ২টি এবং রেণুকা নেন ১ উইকেট। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৫৯ রানে। ১৭ রানে জিতে সিরিজ পকেটে পোরে ভারতের মেয়েরা। উল্লেখ্য, ২০১৬ সালেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ভারত।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement