বিশ্বকাপে মরণবাঁচন ম্যাচের আগে পুজো দিয়েছিলেন কালীঘাটে। ঘরে এসেছিল বিশ্বকাপ। এবার আইপিএল অভিযানেও তার অন্যথা করলেন না অভিষেক শর্মা। কেকেআরের বিরুদ্ধে নামার আগে তিনি সোজা চলে গেলেন মা কালীর মন্দিরে ভক্তিভরে পুজো দিলেন বিশ্বের সেরা টি-২০ ব্যাটার। হাতে প্রদীপ নিয়ে আরতিও করলেন।
সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ইডেনে একটাই ম্যাচ খেলেছিল ভারতীয় দল। সেটা ছিল সুপার এইটের ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মেন ইন ব্লুর কাছে ম্যাচটার গুরুত্ব ছিল অপরিসীম। ওই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হত ভারতীয় দলকে। সেই মরণবাঁচন ম্যাচের আগে দলের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে কালীঘাটে গিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তাঁদের মধ্যে অন্যতম অভিষেকও। গোটা বিশ্বকাপজুড়ে হতশ্রী ফর্ম চলছিল তাঁর। তার মধ্যেও কালীঘাটে গিয়ে পুজো দিয়েছিলেন।
তারপর কেটে গিয়েছে একমাস। ইডেনের সেই ম্যাচ জিতে ভারত চলে যায় বিশ্বকাপ সেমিফাইনালে। ৮ মার্চ আহমেদাবাদে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। খেতাবি যুদ্ধে অনবদ্য পারফর্ম করেন অভিষেক। মাত্র ২১ বলে তাঁর ব্যাট থেকে আসে ৫২ রান। বিশ্বজয়ের সুখস্মৃতি পেরিয়ে এখন আইপিএল অভিযানে নেমেছেন তরুণ ব্যাটার। তবে শুরুটা তাঁর মোটেই ভালো হয়নি। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে নেমেছিলেন আরসিবির বিরুদ্ধে। সেই ম্যাচে ৮ বল খেলে মাত্র ৭ রান করেন অভিষেক। ম্যাচও হেরে যায় তাঁর দল।
বৃহস্পতিবারের ইডেনে আবারও অভিষেকের ঘুরে দাঁড়ানোর লড়াই। বিশ্বকাপ ফাইনালের ফর্ম ফিরে পেতে চাইবেন তিনি। সেই সঙ্গে চাইবেন, জয়ের সরণিতে ফিরুক তাঁর দল। আসলে আইপিএলে যে ক’টা টিমের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড অতীব ভালো, তার মধ্যে সানরাইজার্স একটা। পরিসংখ্যান বলছে, টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটো টিম মুখোমুখি হয়েছে তিরিশ বার। যার মধ্যে কেকেআর জিতেছে কুড়িটায়। বৃহস্পতিবার ইডেনে সেই ছবিটা যেন পালটে যায়, কালীঘাটে গিয়ে সেই প্রার্থনাই করলেন অভিষেক।
