আইপিএলে পয়সা নেই। তাই পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছেন। এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। চলতি আইপিএলের নিলামে নাম লেখাননি তিনি। তারপর পিএসএলের নিলামে অংশ নেন। করাচি কিংস তাঁকে কিনেও নেয়। তারপরেই আইপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অজি লেগস্পিনার।
গতবছর আইপিএলে খেলেছিলেন জাম্পা। ২.৪০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি। ২০২৬ আইপিএল নিলামের আগে জাম্পাকে আর রিটেন করেনি কাব্য মারানের দল। তারপরে আর নিলামে নাম লেখাননি। দিনকয়েক পরে তিনি যোগ দেন পাক লিগের নিলামে। পাক মুদ্রায় ৪.৫ কোটি টাকা দর পেয়েছেন করাচি কিংসের জন্য়। গোটা ঘটনাক্রম দেখে জাম্পার উপলব্ধি, আইপিএলে মোটেও আর্থিক লাভ নেই। তাঁর যোগ্যতা অনুসারে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে দাম পাননি।
বর্তমানে পিএসএল খেলতে ব্যস্ত জাম্পা। করাচি কিংসের জার্সিতে বেশ ভালো ফর্মেই রয়েছেন তিনি। তারপরেই অজি স্পিনার বলছেন, "এবছর আইপিএল খেলতে চাইনি। সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দর পাইনি। আর আইপিএলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। আমার মতে আইপিএল খেলাটা মোটেই যুক্তিযুক্ত নয়।" জাম্পার কথায়, কয়েকদিনের জন্য তিনি ক্রিকেট থেকে বিরতি নিতে চেয়েছিলেন। তার মধ্যেই পিএসএলের প্রস্তাব পান এবং খেলতে নেমে পড়েন।
প্রসঙ্গত, প্রাপ্ত অর্থের নিরিখে দেখতে গেলে গতবছর আইপিএলের থেকে এবছর পিএসএলে কম দাম পেয়েছেন জাম্পা। কারণ পাক মুদ্রায় ৪.৫ কোটি টাকার মূল্য ভারতীয় মুদ্রায় ১.৫ কোটি। কিন্তু পিএসএলের দৈর্ঘ্য অনেকটাই কম। সেটাকেই মাথায় রেখে পাক লিগকে বেছে নিয়েছেন জাম্পা। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আইপিএলে খেলেছেন অজি স্পিনার। কিন্তু মাঠে নেমেছেন মাত্র ২২ ম্যাচে। অনেকের মতে, আইপিএলে সাধারণত ভারতীয় স্পিনারদেরই প্রথম একাদশে রাখা হয়। সেকারণেই জাম্পা খুব বেশি দর বা খেলার সুযোগ-কোনওটাই পাননি।
