তিনিই এবার নাইটদের ভরসা। তাঁকে কেন্দ্র করেই দল সাজানোর ছক কেকেআরের। সেই ক্যামেরন গ্রিন কলকাতায় পা রাখলেন। আর ২৫ কোটি ২০ লক্ষ টাকার তারকা শহরে পা রাখতেই তাঁকে নিয়ে শুরু হয়ে গেল কাটাছেঁড়া। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলে দিচ্ছেন, দলের স্বার্থে বোলিং করতে না পারলে শাহরুখ খানের উচিত ওই বিপুল অঙ্কের বেতন কমিয়ে দেওয়া।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন শনিবারই নাইট শিবিরে যোগ দিয়েছেন। অভিনব ভিডিও পোস্ট করে কেকেআর তাঁকে স্বাগতও জানিয়েছে। এক্স হ্যান্ডেলে গ্রিনের একটি ভিডিও পোস্ট করেছে নাইটরা। তাতে ওই অজি মহাতারকাকে দেখানো হয়েছে সংহারক রূপে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে একটি হাতুড়ি নিয়ে লিফ্ট থেকে বার হচ্ছেন গ্রিন। সেই হাতুড়ি দিয়ে বার বার কাউকে আঘাত করছেন। মুখে খলনায়কের মতো হাসি। ভিডিও ক্যাপশনে নাইটরা লিখেছে, 'সাবধান অজি মহাতারকা চলে এসেছেন।'
আসলে নাইটরা এবার গ্রিনকে সংহারকের ভূমিকাতেই দেখতে চাইছে। আর গ্রিনও সম্ভবত তেমনটাই চাইছেন। সেকারণেই তিনি শহরে নেমে বলে দিলেন, "সমর্থকদের একটাই বার্তা দিতে চাই। এ বছর আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব। একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। দুটো দলই ২০০-র উপর রান করেছে। এতেই বোঝা যাচ্ছে, এ বার আমরা কী ধরনের ক্রিকেট খেলব। আশা করছি, আগামী দিনেও এই ফর্ম দেখা যাবে। করব, লড়ব, জিতব।"
তবে গ্রিন শহরে আসার দিনই তাঁকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন সরাসরি প্রশ্ন তুলছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া কি গ্রিনকে আর ওভার বল করার অনুমতি দেবে? তাঁর প্রশ্ন, "গ্রিন যদি বলে আমি চার ওভার বল করব না এক ওভার করব, তাহলে কেকেআরের কেমন লাগবে। কেকেআর ওর জন্য ২৫ কোটি টাকা এমনিই খরচ করেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, তুমি আইপিএলে খেলো কিন্তু আমরা টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিই। তাই আইপিএলে দু'ওভারের বেশি বল করবে না। সেটা হলে ওর চুক্তি থেকে ২ কোটি টাকা কেটে নেওয়া উচিত।" অশ্বিনের সাফ কথা, গ্রিন যদি পুরো সার্ভিস দিতে না পারেন, তাহলে কেকেআরের টাকা কাটার অধিকার আছে।
