জশপ্রীত বুমরাহকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর ব্যাটিং নিয়ে তখন দেশজুড়ে হইচই। কিন্তু বৈভবের 'দুর্বলতা' ধরে ফেলেছিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। এক্স হ্যান্ডেলে তুলে ধরেছিলেন, কোন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ১৫ বছর বয়সি ব্যাটার। বৈভবের দুর্বলতা তুলে ধরার জেরে কটাক্ষের শিকারও হয়েছিলেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার। সোমবার বৈভব ব্যর্থ হতেই নিজের তত্ত্বের সমর্থনে আবার সুর চড়িয়েছেন তিনি।
সোমবার বৈভবের রাজস্থান রয়্যালস খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় রাজস্থান। চার ম্যাচে ২০০ রান করে হইচই ফেলে দেওয়া বৈভবও ব্যর্থ। প্রথম বলেই তাকে আউট করে দেন অভিষেক ঘটানো প্রফুল হিঞ্জে। তারপর থেকে প্রফুলের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন, বৈভবকে কী করে থামানো যায়, তার উপায় বের করে ফেলেছেন প্রফুল। অন্য বোলাররা তাঁকে দেখে শিখতে পারে।
যে তরুণ তুর্কি বুমরাহকে অনায়াসে বাউন্ডারি মেরেছে, সে কেন প্রফুলের বিরুদ্ধে সফল হল না? ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, প্রফুল অনামী হলেও ভালো বল করেছেন। নিজের দক্ষতাতেই থামিয়ে দিয়েছেন বৈভব ঝড়।
ম্যাচের পরই মুখ খুলেছেন ইরফান। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'আমার মনে হয়, বৈভব ইচ্ছা করে হেভিওয়েট বোলারদের টার্গেট করে।' এই কথা বলে নেটদুনিয়ায় বেশ সমালোচিত হন ইরফান। অনেকেই বৈভবের পক্ষ নিয়ে কথা শুনিয়ে দেন তারকা অলরাউন্ডারকে। উল্লেখ্য, বৈভব নিজেই জানিয়েছিল সে বোলার দেখে নয় বল দেখে ব্যাটিং করে। অর্থাৎ বোলারের নাম দেখে তার মন মোটেই প্রভাবিত হয় না।
হায়দরাবাদের বিরুদ্ধে বৈভব ব্যর্থ হতেই নিজের পুরনো পোস্ট খুঁজে বের করেছেন ইরফান। এবার তাঁর বক্তব্য, 'বৈভবকে নিয়ে আমি যা বলেছিলাম সেটা সত্যি হল আশা করি। আমার তত্ত্বটাই ঠিক'। উল্লেখ্য, প্রফুলের বলে বৈভব আউট হতেই ক্রিকেটপ্রেমীদের অনেকে অবাক হয়েছিলেন। যে তরুণ তুর্কি বুমরাহকে অনায়াসে বাউন্ডারি মেরেছে, সে কেন প্রফুলের বিরুদ্ধে সফল হল না? ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, প্রফুল অনামী হলেও ভালো বল করেছেন। নিজের দক্ষতাতেই থামিয়ে দিয়েছেন বৈভব ঝড়।
