আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু আইপিএল এখনও খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বয়স ৪৪। হাঁটুর চোটে বেশ কয়েক বছর ধরে ভুগছেন। তাহলে ধোনির আইপিএল ভবিষ্যৎ কী? প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন এবছরই ধোনির আইপিএল অভিযান শেষ। আর সেই অধ্যায় শেষ হবে চেন্নাই সুপার কিংসকে আইপিএল জিতিয়ে।
সম্প্রচারকারী চ্যানেলে পীযুষ চাওলার সঙ্গে আলোচনায় পাঠান বলেন, "ধোনিকে ছাড়া সিএসকে অসম্পূর্ণ। হয়তো এবারই তাকে শেষবার হলুদ জার্সিতে দেখা যাবে। সিএসকে ও আইপিএল ধোনিকে ছাড়া ভাবাই কঠিন। সবাইকে একজায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ধোনির বিরাট ভূমিকা আছে। আমি জানি না এবার ও ক'টা ম্যাচ খেলবে। কিন্তু ধোনি থাকলে সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়দের খুব সুবিধা হবে। ওর ফিটনেস-ব্যাটিং পজিশন কিংবা সব ম্যাচ খেলবে কি না, সেই নিয়ে অনেক প্রশ্ন আছে। ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেগুলো নিয়ে ভাববে। তারা চাইবে আইপিএল জিতে ধোনিকে বিদায় জানাতে।"
ধোনিকে ছাড়া সিএসকে অসম্পূর্ণ। হয়তো এবারই তাকে শেষবার হলুদ জার্সিতে দেখা যাবে। সিএসকে ও আইপিএল ধোনিকে ছাড়া ভাবাই কঠিন। সবাইকে একজায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ধোনির বিরাট ভূমিকা আছে।
এবার সঞ্জু স্যামসনকে নিয়ে এসেছে চেন্নাই। নেতৃত্বে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়। তবে সঞ্জু থাকায় রুতুরাজের সুবিধাই হবে বলে মনে করেন পাঠান। তিনি বলেন, "ধোনির (MS Dhoni) উত্তরসূরি হিসেবে আইপিএলে নেতৃত্ব দেওয়া সহজ নয়। আগে চেন্নাই অভিজ্ঞতার উপর নির্ভর করত। এখন ভবিষ্যতের জন্য তরুণদের নিয়ে দল সাজাচ্ছে। সেখানে সঞ্জুর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।"
অন্যদিকে সঞ্জু এলেও রাজস্থান রয়্যালসে চলে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর শূন্যস্থান কীভাবে পূর্ণ হবে? পাঠান বলছেন, "আগেও জাদেজা রাজস্থানে ছিল। সেখানে শেন ওয়ার্ন ওকে আত্মবিশ্বাস জোগান। এবার চেন্নাই একই কাজ করতে পারে প্রশান্ত বীরকে নিয়ে। চেন্নাইয়ের কাজের পদ্ধতি অন্যরকম। ধোনির মতো একজন থাকলে বা স্টিফেন ফ্লেমিংয়ের মতো কোচ থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। কার্তিক শর্মা বা প্রশান্ত বীররা চাপের মুখে শিখতে পারবে।"
