আইপিএলের মাঝেই লক্ষ্মীলাভ ঈশান কিষানের। সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন। এর জন্য বিহার সরকারের কাছ থেকে বড় অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটেছে।
শুক্রবার ঝাড়খণ্ডের এই ক্রিকেটার পাটনায় গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে দেখা করেন। সেখানেই তাঁকে ১ কোটি টাকার চেক এবং একটি স্মারক তুলে দেওয়া হয়। পাটনার মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রীতি মেনে ঈশানকে উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মুখ্যসচিব প্রত্যয় অমৃত-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও।
ঈশান ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেলেন। যদিও তাঁর শিকড় অবিভক্ত বিহারে। জন্ম বিহারের নওয়াডা জেলায়। ছোটবেলা কেটেছে পাটনায়। সেই কারণেই রাজ্য সরকার তাঁকে ‘বিহারের ভূমিপুত্র’ হিসাবে সম্মানিত করেছে। সোশাল মিডিয়ায় সম্রাট চৌধুরী লেখেন, “২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ঈশান কিষান খুবই প্রতিভাবান ব্যাটার। তিনি বিহারের ভূমিপুত্র। তাঁকে বিহার সরকার সম্মানিত করেছে। বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে ১ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ছিলেন ঈশান। ৯ ম্যাচে ৩১৭ রান করে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের ম্যাচজয়ী ইনিংস স্মরণীয়। আইপিএলেও তিনি ভালো ছন্দে রয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১২ ম্যাচে করেছেন ৪২০ রান। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে কিছু ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
