shono
Advertisement
Akash Deep

ঘোরতর সমস্যায় কেকেআর, হর্ষিতের পর ছিটকে গেলেন আকাশ দীপও

ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি। যার পর বিশ্বকাপ খেলা হয়নি হর্ষিতের। এবার আইপিএলও খেলা হচ্ছে না তাঁর। তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরকে মহাধাক্কা দিয়ে ছিটকে গেলেন বাংলার পেসার।
Published By: Prasenjit DuttaPosted: 03:14 PM Mar 21, 2026Updated: 08:50 PM Mar 21, 2026

দিন সাত পরেই শুরু আইপিএল। তার আগে ঘোরতর সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানার পর এবার চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশ দীপ (Akash Deep)। ক্রিকবাজ সূত্রে এ খবর জানা গিয়েছে। কেকেআরের এক শীর্ষ কর্তা আকাশ দীপের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, "চোটের জন্য গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছে আকাশ। যা সত্যিই দুর্ভাগ্যজনক।" ২৯ বছর বয়সি এই পেসারকে গত বছরের মিনি নিলামে এক কোটি টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল কেকেআর। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হর্ষিত। ডান হাঁটুর লিগামেন্টে চোট লেগেছিল। যার পর বিশ্বকাপ খেলা হয়নি হর্ষিতের। এবার আইপিএলও খেলা হচ্ছে না তাঁর। আইপিএল শুরুর আগেই তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরকে মহাধাক্কা দিয়ে ছিটকে গেলেন আকাশ দীপও।

১৮ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করেছে কেকেআর। সেই শিবিরে যোগ দেননি আকাশ দীপ। জানা গিয়েছে, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের মধ্যে রয়েছেন তিনি। যদিও তাঁর চোট সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে বলেও সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।

হর্ষিতের সঙ্গে আকাশ দীপের ছিটকে যাওয়া বিবিধ বিড়ম্বনা তাড়া করেছে কেকেআরকে। শ্রীলঙ্কা পেসার মাথিশা পাথিরানাকে কবে থেকে পাওয়া যাবে, তা অনিশ্চিত। তাঁর এখনও রিহ্যাব চলছে। শ্রীলঙ্কা বোর্ডের কাছ থেকে ছাড়পত্র চাইলেও এখনও পাননি। নাইট কোচের ধারণা, পাথিরানার ম্যাচ ফিট হতে হতে মাঝ এপ্রিল হয়ে যাবে। তাঁর উপর আকাশ দীপের ছিটকে যাওয়া। দিন কয়েক আগে বাড়ি থেকে তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু আসেননি। রনজি ট্রফির শেষ ম্যাচে চোট লেগেছিল আকাশের। তাঁর রিহ্যাব চলছিল। তবে রিহ্যাবের শেষ পর্বে পুরনো জায়গায় তিনি ফের যন্ত্রণা অনুভব করেন।

প্রশ্ন হল, হর্ষিত-আকাশের মতো পেসারের পরিবর্ত কে হবেন? সন্দীপ ওয়ারিয়র, কেএম আসিফ, নভদীপ সাইনি, আকাশ মাধোয়াল, সিমরনজিৎ সিংয়ের মতো পেসারকে ট্রায়ালে দেখা হচ্ছে। আগামী দিন কয়েকে এঁদের মধ্যে থেকে কাউকে পরিবর্ত হিসাবে নির্বাচিত করে ফেলা হতে পারেই বলে খবর। উল্লেখ্য, কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement